ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টিআর প্রকল্পের ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
মহেশপুর উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে টিআরের এক বরাদ্দপত্রে চারটি প্রকল্প দেখিয়ে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেন সাবেক সাংসদ শফিকুল আজম খান চঞ্চল। যার সরকারি মূল্য ছয় লাখ টাকা। ২০১৩ সালের অক্টোবর মাসে ০১, ২৩, ৪৩ ও ৯০ নম্বর প্রকল্পে এই বরাদ্দ দেওয়া হয়। প্রতি বরাদ্দে পাঁচ মেট্রিক টন চাল ছিল। প্রকল্প বাস্তবায়ন কমিটির সবগুলোর সভাপতি হন প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। কিন্তু সভাপতি হয়ে তিনি বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, চেয়ার-টেবিল তৈরি, সংস্কার ও জানালা-দরজা তৈরির জন্য বরাদ্দকৃত চাল বিক্রির টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ে চেয়ার-টেবিল ও বেঞ্চ সংকট আছে। এসব কাজের জন্য তাঁরা সাবেক সাংসদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পরে তিনি প্রতিষ্ঠানের জন্য চাল বরাদ্দ দেন। কিন্তু তাঁরা এই বরাদ্দের বিষয়ে কিছুই জানতেন না। বিদ্যালয়ের কোনো কাজই করা হয়নি। মাঠের মাটি ভরাট করা হয়েছে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে।
শিক্ষকেরা আরও জানান, কাজ না হওয়ায় তাঁরা এত দিন ভেবেছেন সাংসদ কোনো বরাদ্দ দেননি। কিন্তু সম্প্রতি বিষয়টি ফাঁস হয়ে যায়। তাঁরা কাগজপত্র যাচাই করে দেখতে পান, একই সময়ে চারটি প্রকল্পে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জহুরুল ইসলাম বলেন, কোনো টাকা তিনি আত্মসাৎ করেননি। সাবেক প্রধান শিক্ষক খায়রুল আনাম কিছু কাজ করে টাকা বাকি রেখে গিয়েছিলেন। সেই টাকা তাঁকে পরিশোধ করতে হয়েছে। বরাদ্দ থেকে সেই টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন তিনি।
তবে খায়রুল আনাম কোনো কাজ করিয়ে টাকা বাকি রেখে আসেননি বলে জানিয়েছেন। তিনি যে কাজ করেছেন, তা সবই বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে করেছেন।
মহেশপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, ২০১২-১৩ অর্থবছরে এই চাল বরাদ্দ দেওয়া হয়। যা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে মর্মে মাস্টাররোল দাখিল করা হয়েছে। কাজ হয়েছে কি না, তিনি বিষয়টি বলতে পারেন না। তাঁর যোগদানের আগে এই প্রকল্প চারটি বাস্তবায়ন করা হয়েছে।