টিআরের গম আত্মসাৎ করেছেন সাবেক ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালে নরেশ চন্দ্র কর্মকার টেস্ট রিলিফের (টিআর) দুই মেট্রিক টন চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নরেশ চন্দ্র কর্মকার বর্তমানে বরিশাল পুলিশ লাইনসে কর্মরত আছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য প্রথম দফায় ২৫০ মেট্রিক টন চাল এবং দ্বিতীয় দফায় ২৫০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাউফল থানার দেয়ালে চুনকাম করানোর জন্য দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তা বলেন, গত তিন-চার বছরের মধ্যে বাউফল থানার দেয়ালে কোনো চুনকাম বা সংস্কারের কাজ হয়নি।
চুনকাম প্রকল্পের সভাপতি মো. বেল্লাল হোসেন বলেন, ‘ওসি আমার কাছ থেকে প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর নিয়েছেন। এর বাইরে আমি আর কিছু জানি না।’ প্রকল্পের সদস্যসচিব মো. কামাল হোসেন বলেন, ‘কয়েক মাস আগে থানায় ডেকে নিয়ে ওসি স্যার (নরেশ চন্দ্র কর্মকার) আমাকে বলেন, থানার নামে ছোট একটা কাজ পেয়েছি। আমরা সরকারি লোক। তাই সরকারি কোনো প্রকল্পের সদস্য হতে পারি না। আপনি এই কাগজে স্বাক্ষর দিলে সমস্যা হবে না। তাঁর চাপাচাপিতে একপর্যায়ে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছি। এর বাইরে কিছুই জানি না।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন নরেশ চন্দ্র কর্মকার।
বাউফল থানার বর্তমান ওসি আ জা ম মাসুদুজ্জামান গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমি সম্প্রতি যোগদান করেছি। এ কারণে বিষয়টি আমার জানা নেই।’
উপজেলার পিআইও মো. দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।