টিআরের চাল কম দামে বিক্রি করতে চাপ সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টিআর) জন্য বরাদ্দ দেওয়া চাল টনপ্রতি ১৫ হাজার টাকা কমে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, টিআরের ক্ষেত্রে প্রকল্প কমিটি কোনো প্রকল্পে বরাদ্দ দেওয়া খাদ্যশস্যের ৬০ শতাংশ পর্যন্ত বিক্রি করে নগদ অর্থে কাজ করাতে পারে। ২০১৪-১৫ অর্থবছরে উপজেলায় টিআর বিশেষ খাতে ১০০ মেট্রিক টন এবং টিআর সাধারণ খাতে আরও ১০২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব চালের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৩৫ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান কবিরের ছেলে মো. রুবেল হাওলাদার প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করে প্রতি টন চাল সর্বোচ্চ ২০ হাজার টাকায় কিনে নিচ্ছেন।
রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘আমি ২০১৪-১৫ অর্থবছরের একটি টিআর প্রকল্পের সভাপতি। ওই প্রকল্পে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু চালের ডিও (উত্তোলনের ছাড়পত্র) পাওয়ার আগেই রুবেল হাওলাদার ১৯ হাজার টাকা টন দরে আমাকে চেক ধরিয়ে দিয়েছেন। আমি টনপ্রতি আরও ৫০০ টাকা করে তাঁর কাছে আবদার করেছিলাম। কিন্তু তিনি দেননি। বাধ্য হয়ে কম দামে হলেও এই চাল রুবেল হাওলাদারের কাছে বিক্রি করতে হবে।’
অন্য একটি প্রকল্পের সভাপতি রাঙ্গাবালী ইউপির ৭, ৮ ও ৯ নম্বর (সংরক্ষিত) ওয়ার্ডের সদস্য নাজমুন নাহার বলেন, ‘রুবেল হাওলাদার আমার প্রকল্পের চাল কেনার জন্য আমাকে আগাম চেক দিতে চেয়েছিলেন। আমি নিইনি। আমি বলেছি, কম দামে চাল দেব না।’
জানতে চাইলে রুবেল হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমি বিভিন্ন প্রকল্পের চাল কিনে ব্যবসা করতাম। কিন্তু এখন আমি এ কাজে জড়িত নই। আমার বিরুদ্ধে চাপ সৃষ্টি করে কম দামে চাল বিক্রি করার যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ বলেন, ‘টিআর প্রকল্পের চাল কম দামে বিক্রি করতে বাধ্য করার ঘটনা আমরা শুনেছি। তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নুল আবেদীন বলেন, ‘টিআরের চাল কম দামে বিক্রি করলে প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।’