টিআরের বরাদ্দ 'গায়েব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা। প্রতীকী ছবি
টাকা। প্রতীকী ছবি

একটি প্রকল্পে রাজশাহীর বাঘার বাজুবাঘা ইউনিয়নের বরাখাদিয়া কলিম উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল ৭৮ হাজার ২০২ টাকা। প্রধান শিক্ষক মুজিবুর রহমান অন্য এক প্রধান শিক্ষকের কাছে এই বরাদ্দের তালিকা দেখেছেন। কিন্তু কোনো টাকা তিনি পাননি। পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির কাছে গিয়েছিলেন মুজিবুর। সভাপতি বলেছেন, ‘এ টাকা আপনারা পাবেন না। টাকার আমি কোনো হদিস করতে পারিনি।’

শুধু এই প্রতিষ্ঠানই নয়, বাঘা উপজেলার ১০০টি প্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় ৭৮ হাজার ২০০ টাকা করে নগদ অর্থ উপ-বরাদ্দ দেওয়া হয়। এখনো অনেক প্রতিষ্ঠান এই বরাদ্দের ব্যাপারে কিছুই জানে না। কোনো কোনো প্রতিষ্ঠানকে ৮ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই টাকা অনেক প্রতিষ্ঠানের প্রধানের পকেটেই রয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি। মাস্টাররোল পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সব প্রতিষ্ঠানে গিয়েও তিনি দেখতে পারেননি বলে স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে টিআর কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলার ১০০টি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৮ হাজার ২০২ টাকা ৬৯ পয়সা করে নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৩০ জুন ছিল প্রকল্প বাস্তবায়নের শেষ সময়সীমা। বরাদ্দপত্রে বলা হয়েছে, পরিদর্শন, পরিবীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রথম আলোর পক্ষ থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে ১৫টি প্রতিষ্ঠানে গিয়ে এই প্রকল্প বাস্তবায়নের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাতটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ব্যাপারে কিছুই জানে না। বাকি প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ ৮ থেকে ১০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছে।

বরাদ্দপত্রে নাম থাকা বাজুবাঘা ইউনিয়নের বারখাদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, এ রকম একটি বরাদ্দ তাঁর প্রতিষ্ঠানের নামে এসেছে, লোকমুখে শুনেছেন। কিন্তু এই প্রকল্পের কোনো চিঠি তিনি পাননি। কোনো টাকাও পাননি। কে প্রকল্পের সভাপতি হয়েছেন, তা–ও জানেন না।

বাউসা ইউনিয়নের দিঘা হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি শাহজাহান আলী বলেন, গত তিন বছরে সরকারের কোনো অনুদান তিনি পাননি। দুই বছর আগে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী শুধু একটি সোলার প্যানেল দিয়েছেন।

একই ইউনিয়নের আড়পাড়া মাদ্রাসার সভাপতি শহীদুল ইসলাম এলাকায় থাকেন না। তাঁর পরিবর্তে মাদ্রাসার সব দায়িত্ব পালন করেন বেলাল উদ্দিন। তিনি বলেন, এ রকম কোনো বরাদ্দের কথা তিনি শোনেননি।

ইউনিয়নের তেঁথুলিয়া জুলাপাড়া জামে মসজিদের সভাপতি আবদুল হান্নান প্রকল্পেরও সভাপতি। তিনি বলেন, তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু ৭৮ হাজার টাকার সই নেওয়া হয়েছে। তিনি ১০ হাজার টাকা জমা রেখেছেন। এ টাকা দিয়ে কোনো কাজ এখনো করেননি তিনি। নলকূপ ঠিক করবেন বলে ভাবছেন।

আড়াপাড়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইমাজ মেম্বার বলেন, তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর ক্লিনিকের লোকজনের বসার জন্য একটি ছাপরা ঘর (টিনশেড) করতে বলা হয়েছে। এই টাকায় ঘর হবে না। টাকা তাঁর কাছে জমা রয়েছে।

সুলতানপুর বর্ণমালা কেজি স্কুলের পরিচালক হাবিবুল বাশার বলেন, তাঁর পরিচিত একজন লোকের মাধ্যমে তিনি ১১ হাজার টাকা পেয়েছেন। কিসের বরাদ্দ, কে দিয়েছে, কিছুই জানতে পারেননি। কে টাকাটা দিয়েছে, তার নাম জানতে চাইলে তিনি তার নামও মনে করতে পারেননি।

বাঘা পৌর এলাকার চকছাতারী মসজিদের এই প্রকল্পের সেক্রেটারি আবু বকর সিদ্দিক বলেন, তাঁরা শুনেছেন ৭৮ হাজার টাকার বরাদ্দ এসেছে, কিন্তু তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে শুধু ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।