টিআরের ৩৩ টন গমের পুরোটাই আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে টেস্ট রিলিফের (টিআর) ৩৩ মেট্রিক টন গম আত্মসাৎ করা হয়েছে। পৌরসভার মেয়র পৌর কাউন্সিলরদের প্রকল্প সভাপতি বানিয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে এবং কাজ না করে এ গম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে প্রথম পর্যায়ে পৌরসভার অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের (টিআর) ২৯টি প্রকল্পের জন্য ৩৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৬ মেট্রিক টন গম পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৩টি দুস্থ পরিবারকে একটি করে সৌর প্যানেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১৭ মেট্রিক টন গম রাস্তা, মন্দির, মসজিদের ২০টি প্রকল্পে খরচ করার কথা।
কিন্তু রাস্তা, মন্দির, মসজিদের ২০টি প্রকল্পের ১৯টি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে সেখানে কোনো কাজ হচ্ছে না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুস্থ পরিবারকে সৌর প্যানেলের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা-ও ভুয়া। কারণ, কোনো পরিবারই এখন পর্যন্ত সরকারি সহায়তার সৌর প্যানেল পায়নি।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝালুপাড়া মেইন রোড থেকে চৌধুরী বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কার প্রকল্প ও আরামনগর গ্রামের সৌর প্যানেল প্রকল্পের নামে মোট দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই এলাকার পাঁচজন বলেন, রাস্তায় কোনো কাজ করা হয়নি। আর কোনো পরিবার সৌর প্যানেলের জন্য সাহায্য পায়নি। প্রকল্পের সভাপতি বিকাশ চন্দ্র সাহা বলেন, পরে কাজ করা হবে।
২ নম্বর ওয়ার্ডের সামর্থবাড়ী গ্রামের সুরুজ মেম্বারের বাড়ির সড়ক ও জনপথের রাস্তা পর্যন্ত প্রকল্প ও ভুরারবাড়ি গ্রামে সৌর প্যানেল প্রকল্পে দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সামর্থবাড়ী গ্রামের সুরুজ মেম্বার বলেন, রাস্তার মাটিও কাটা হয়নি। তবে প্রকল্প সভাপতি কাউন্সিলর মোছা. মমতাজ জানান, এ প্রকল্পে মাটি কাটা হয়নি, কিন্তু অন্য রাস্তায় কাটা হয়েছে।
৪ নম্বর ওয়ার্ডের মহামায়া দুর্গা মন্দির উন্নয়ন প্রকল্প, মাইজবাড়ী সেতু থেকে সেলিমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও শিমলা বাজারে দুস্থ পরিবারের মধ্যে সৌর প্যানেল প্রকল্পের নামে তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। তবে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার জানান, তাঁরা কোনো বরাদ্দ পাননি। প্রকল্পের সভাপতি ও কাউন্সিলর জোসনা বেগম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না, পৌরসভার (অফিস সহকারী) মুন্নাফ জানে।’
একই অবস্থা পৌরসভার ১, ৩, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রকল্পগুলোর। কোনো প্রকল্পে কাজ হচ্ছে না। ভুয়া প্রকল্প দেখিয়ে আর কোনো কাজ না করে প্রকল্প সভাপতিরা বরাদ্দের গম বিক্রি করে দিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, এ টাকার সবটাই মেয়র ও সভাপতিরা আত্মসাৎ করছেন।
এ বিষয়ে পৌরসভার মেয়র ফয়জুল কবির তালুকদারকে জিজ্ঞেস করলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘প্রকল্পের কাজ করিনি তো তোমার কী। তুমি পরে আমার সঙ্গে দেখা করিও।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হামিদুল হক বলেন, কাজ না করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘পৌরসভার টিআরের গমের টাকা আত্মসাতের বিষয়ে আমি কোনো কিছু জানি না। পৌরসভা আমার দেখার বিষয় না।’