টিএসসি ও ইডেনের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি মোড়ে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আবুল কালাম (৫২) নামের এক রিকশাচালক আহত হন। তাঁর বাম পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়।

এদিকে প্রায় একই সময়ে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণে সোনিয়া আক্তার (২৫) ও পুষ্পি (১৬) নামের তুই বোন আহত হয়। তারা নিউমার্কেট থেকে কেনাকাটা শেষে রিকশায় চড়ে লালবাগে নিজেদের বাড়ি যাচ্ছিল। সোনিয়ার বাম পায়ে ও পুষ্পির দুই পা ও পিঠে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। তাদের চাচাতো ভাই জুয়েল রানা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারা এখন চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ ককটেল বিস্ফোরণে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।