টিএসসিতে কাপড়ের দোকান, ছাত্রলীগের চাঁদা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সমবায় ব্যাংকের একটি খালি জমিতে অবৈধভাবে বসছে শীতের কাপড়ের অনেকগুলো দোকান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর সহায়তায় এসব দোকান বসানো হয়েছে বলে অভিযোগ আছে।
সমবায় ব্যাংকের এই জমিটি প্রায় দেড় বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হিসেবে ব্যবহার করছেন শিক্ষার্থীরা। টিএসসি থেকে সব ধরনের দোকান উচ্ছেদ ও উন্মুক্ত নাট্যমঞ্চ নির্মাণের দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে জনসন সড়কের পূর্ব পাশে সমবায় ব্যাংকের প্রায় ১০ শতাংশের একটি খালি জমি আছে। এই জমির মাঝ বরাবর টিন দিয়ে বেড়া দিয়ে দক্ষিণ পাশে বসেছে পুরোনো শীতের কাপড়ের ১০ থেকে ১৫টি দোকান, ওপরে শামিয়ানা টানানো। আর উত্তর পাশে আছে ৮-১০টি চায়ের দোকান। এসব দোকানে নাশতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, আগে জমিটির চারপাশে চায়ের দোকান ছিল। কিন্তু দক্ষিণ পাশে কাপড়ের দোকান বসায় এখন এপাশে দাঁড়ানোর জায়গা নেই।
ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আল আমিন বলেন, সমবায় ব্যাংকের জমিটি স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। এই জমিতে একটি উন্মুক্ত নাট্যমঞ্চ নির্মাণ করলে পুরান ঢাকার সাংস্কৃতিক বলয় গড়ে উঠবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, গত বছরের অক্টোবরে টাকার বিনিময়ে টিএসসিতে কাপড়ের দোকান বসিয়েছিল ছাত্রলীগ। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা গুটিয়ে চলে যেতে হয়েছে। এ বছর আবার ছাত্রলীগের সহায়তায় দোকান বসানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর দোকান থেকে চাঁদা আদায় করছে তারা।
অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘সমবায় ব্যাংকের জমিতে দোকান বসানোর বিষয়ে ছাত্রলীগের কারও সংশ্লিষ্টতা নেই। বরং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিছু কথিত সাংবাদিক এসব দোকান থেকে চাঁদা তোলেন। তাঁদের কারণেই এসব দোকান উচ্ছেদ করা যাচ্ছে না।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর সূত্র জানায়, সমবায় ব্যাংকের জমিটি অধিগ্রহণের জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু সমবায় ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে জমি দিতে আগ্রহী নয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি জমির সঙ্গে সমবায় ব্যাংকের এই জমি বদল হওয়ার কথা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জমির লিজের মেয়াদ এক বছর, আর সমবায় ব্যাংকেরটি স্থায়ী হওয়ায় আগ্রহী নয় ব্যাংক কর্তৃপক্ষ।’