টিএসসিতে ২ উত্ত্যক্তকারীকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন কাগজ ব্যবসায়ী মো. ইমরুল হাসান (৩০) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কয়লা ব্যবসায়ী হাবিবুর রহমান (২৯)।
সূত্র জানায়, সন্ধ্যার দিকে ওই ছাত্রী টিএসসি এলাকায় যান। এ সময় ওই দুই যুবক তাঁকে অনুসরণ করেন। একপর্যায়ে তাঁরা ওই ছাত্রীর মুঠোফোন নম্বর চান। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হন এবং মুঠোফোন নম্বর দিতে অস্বীকার করেন। এরপর ওই দুই যুবক উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন। পরে ওই ছাত্রী উপায় না দেখে ফোন করে তাঁর বন্ধুদের টিএসসি এলাকায় ডেকে আনেন। তাঁর বন্ধুরা গিয়ে ওই দুই যুবককে ধরে পিটুনি দেন।
জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক শফিয়ার রহমান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত দুই যুবককে থানায় আনা হয়েছে। তাঁরা নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনা সম্পর্কে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।