টিকিট ওভারবুকিং, বিমান সংস্থাকে ৩ লাখ টাকা দণ্ড

নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত যাত্রী বুকিং দিয়ে সেবা দিতে না পারায় রিজেন্ট এয়ারওয়েজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
গতকাল রোববার রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-মাস্কাট ফ্লাইটে (আরএক্স-৭২৩) ওভারবুকিংয়ের কারণে ছয়জন যাত্রীর বোর্ডিং করতে পারেনি বিমান সংস্থাটি। ওই ফ্লাইটে সিট নেই জানিয়ে তাঁদের দুই দিন পরে আসতে বলে। কিন্তু তাঁদের এই দুদিনের থাকা-খাওয়া বা যাতায়াতের ব্যবস্থা করেনি। ওই দিন দিবাগত রাত ১২টার দিকে যাত্রীদের এমন করুণ চিত্র তুলে ফেসবুকে ‘ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশ পেইজ’–এর একটি পোস্ট করেন কোনো এক ব্যক্তি। পেজ থেকে তাৎক্ষণিক ফিরতি জবাবে যেকোনো একজন যাত্রীর ফোন নম্বর চাওয়া হয়। এরপর পেজটির অ্যাডমিন এবং বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ একজন যাত্রীর ফোন নম্বর পান। এরপর তিনি আজ সোমবার সকালে আমির হোসেন নামের ওই যাত্রীর সঙ্গে এবং পরে রিজেন্ট এয়ারের স্টেশন ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারেন। এরপর দুই পক্ষকে আজ বেলা ১১টায় ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আসতে বলেন।
পরে ভুক্তভোগী যাত্রী আমির হোসেন, নিরঞ্জন ঋষি, মাসুম বিল্লাল, রাশেদ মিয়া, ইনসান আলী ও মোহাম্মদ আলীর পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। প্রতিশ্রুত সেবা দিতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রত্যেক অভিযোগের বিপরীতে ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয় রিজেন্টকে। আদায় করা জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী যাত্রীরা, বাকি টাকা সরকাররি কোষাগারে যাবে। তৎক্ষণিকভাবে জরিমানা আদায় হয়েছে। আমির হোসেন ও নিরঞ্জন ঋষি আজ বিকেলে তাঁদের প্রাপ্য বুঝেও নিয়েছেন। অপর চার যাত্রীকে টাকা বুঝে নিতে খবর দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রিজেন্ট এয়ার আন্তরিকভাবে সহায়তা করেছে এবং আইন মেনে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা বড়াতি কোনো টাকা ছাড়াই ওই ছয়জন যাত্রিকে কাল মঙ্গলবার সন্ধ্যায় সাশ্রয়ী আসনের (ইকোনোমি) পরিবর্তে অভিজাত আসনে (বিজনেস ক্লাস) পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যাঁদের ঘামে দেশের চাকা ঘোরে, সেই প্রবাসীসহ সব যাত্রীর অধিকার নিশ্চিত করতে তাঁরা বিমানবন্দরে সজাগ আছেন। যাত্রীসেবা দিতে ব্যর্থ হওয়ায় এর আগে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থাকে জরিমানা ও সতর্ক করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
যাত্রী নিরঞ্জনের বাড়ি কুমিল্লা সদর থানার গাংচরে। তিনি বলেন, এবারই প্রথম তিনি বিদেশে যাচ্ছেন। গতকাল যেতে না পেরে রাতে তিনি লালবাগে এক আত্মীয়ের বাসায় ছিলেন। চাঁদপুরের দক্ষিণ আশরাফপুরের আমির হোসেন বলেন, তাঁর এক আত্মীয়কে ঘটনা বললে তিনিই এটি লিখে ফেসবুকে দেন। ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগে তিনি খুশি।
রিজেন্ট এয়ারওয়েজের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কে এম জাফর উজ জামান প্রথম আলোকে বলেন, তাঁরা সাধারণত ওভারবুকিং করেন না। ট্রাভেল এজেন্সির অনুরোধে ওই ফ্লাইটে ছয়জন যাত্রীর ওভারবুকিং হয়েছিল। কিন্তু ওই দিনের ফ্লাইটের সব যাত্রী বোডিং করায় ছয়জনকে নেওয়া সম্ভব হয়নি, তাঁদের আগামীকাল নেওয়া হচ্ছে। তিনি বলেন, সব বিমান সংস্থা ওভারবুকিং করে থাকে। কেননা অনেক যাত্রী যাত্রার তারিখ পাল্টান বা যাত্রা বাতিল করেন। এ কারণে বাড়তি বুকিং নেওয়া হয়। তবে রিজেন্টের এ নীতি নেই। এটা নেহাত ভুল ছিল।