ঈদের পর নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনের টিকিট সোনার হরিণ হয়ে উঠেছে। কালোবাজারিরা দুই-তিন গুণ বেশি দামে ওই টিকিট বিক্রি করছেন।
এদিকে ঈদের ছুটি শেষে নাটোর রেলস্টেশন থেকে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার মানুষ ঢাকায় যাচ্ছে। অথচ ঢাকায় চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনে নাটোর স্টেশনের জন্য বরাদ্দ আছে ১১১টি আসন। এতে অন্য যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
দিনাজপুরের চিরিরবন্দরের ফতেজংপুর থেকে সিরাজুল ইসলাম গত শনিবার সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে আসেন। ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের একটি টিকিট দরকার তাঁর। কাউন্টার থেকে তাঁকে জানানো হয়েছে, টিকিট নেই। কিছুক্ষণ পর আবার দেখা হয় ওই ব্যক্তির সঙ্গে। বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাঁকে। প্রশ্ন করতেই তিনি বলেন, শোভন চেয়ার আসনে ৪৫৫ টাকার টিকিট কালোবাজারীর কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন ১ হাজার টাকায়।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সৈয়দপুর হচ্ছে রংপুর ও দিনাজপুর অঞ্চলের ব্যস্ততম শহর। নীলসাগর আন্তঃনগর ট্রেনে সৈয়দপুরের জন্য বরাদ্দ ১১২টি শোভন চেয়ার। আরও আছে শীতাতাপ নিয়ন্ত্রিত বাথ আসন (শয়ন) ১০টি, শীতাতাপ (এসি) চেয়ার আসন (সিগ্ধা) ২৫, নন এসি প্রথম শ্রেণির ৬ বাথ এবং ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচে ২৫টি আসন।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল কাশেম বলেন, ‘বরাদ্দ করা টিকিটের চেয়ে যাত্রীদের চাপ বেশি। গড়ে ১টি আসনের বিপরীতে ১০০ যাত্রী টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। আমরা হিমশিম খাচ্ছি।’ তবে তিনি টিকিট কালোবাজারির কথা অস্বীকার করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি এ কে এম লুৎফর রহমান বলেন, ডিজিটাল কারসাজির মাধ্যমে টিকিট কালোবাজারি করা হচ্ছে। ফলে কালোবাজারিদের ধরা কঠিন হয়ে পড়ছে।
নাটোর রেলস্টেশন সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বাড়ছে। শুক্রবার থেকে এ সংখ্যা দিনে ২ হাজার ছাড়িয়ে যাচ্ছে। অথচ আসন রয়েছে ১১১টি। এখান থেকে প্রতিদিন দিনের বেলায় দ্রুতযান ও লালমনি আন্তঃনগর এক্সপ্রেস এবং রাতে রংপুর এক্সপ্রেস, নীলসাগর ও একতা এক্সপ্রেস ঢাকায় চলাচল করে। এসব ট্রেনে নাটোরে ঢাকাগামী যাত্রীদের জন্য এসি চেয়ার বরাদ্দ ১২টি ও শোভন চেয়ার ৯৯টি।
গত শুক্রবার ও গতকাল শনিবার সকালে রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে, প্লাটফর্মে প্রতিটি ট্রেনের জন্য শত শত যাত্রী অপেক্ষা করছেন।
নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার অশোক কুমার চক্রবর্তী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসন বরাদ্দ বাড়ানোর আবেদন করা হয়েছে।