টিকিট কালোবাজারিতে চট্টগ্রামে ৪৮ জন জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে টিকিটের কালোবাজারির সঙ্গে ৪৮ জন জড়িত বলে নগর গোয়েন্দা পুলিশ খোঁজ পেয়েছে। এর মধ্যে রেলওয়ের কর্মচারী ও নিরাপত্তা বিভাগের কর্মীসহ ১৫ জন রয়েছেন। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে টিকিট কালোবাজারি অনেক নিয়ন্ত্রণে আসবে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে কাজ করে আমরা ৪৮ জনের একটি তালিকা তৈরি করেছি। এতে রেলের কর্মী ছাড়াও নিরাপত্তা বিভাগের কর্মী রয়েছেন। কালোবাজারির সঙ্গে জড়িত বেশির ভাগ বাইরের লোক, যাঁরা বেশি দামে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করেন।’
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ৪৮ জনের মধ্যে তিনজন ঈদের আগে গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনজনই কারাগারে আছেন। বাকিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হবে। পুলিশ অবশ্য তিনজনের নামধাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. মঈনউদ্দিন বলেন, রেলের নিজস্ব কর্মী ও নিরাপত্তা শাখার কিছু সদস্য কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমাদের সুবিধা হয়। আর কালোবাজারির টিকিটসহ তারা ধরা পড়লে আমরা মামলা করব।’
গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক নাম প্রকাশ না করে জানান, রেলের ১৫ জনের মধ্যে জিআরপি পুলিশের সাতজন রয়েছেন। রেল নিরাপত্তা শাখার সদস্য রয়েছেন চারজন। চারজন বুকিং সহকারী ও কর্মী। বাকি ৩৩ জন বাইরের লোক, যাঁরা কালোবাজারে টিকিট বিক্রি করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গোয়েন্দা পুলিশ যে তালিকা তৈরি করেছে তাতে আমাদের কেউ জড়িত থাকলে চাকরিবিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম স্টেশনে কালোবাজারিদের দাঁড়াতে দেওয়া হবে না। কোনো যাত্রী তাঁদের জিম্মি হয়ে থাকা মেনে নেওয়া হবে না। গোয়েন্দা পুলিশ সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত দিলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।’