টিকিট কালোবাজারিসহ বুকিং সহকারী ফাঁদে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করছেন তিন বুকিং সহকারী। এক যাত্রী এসে তাঁদের কাছে ঢাকা-সিলেটগামী ট্রেনের টিকিট চাইলেন। বুকিং সহকারীরা ‘নেই’ বলে তাঁকে জানিয়ে দিলেন। এ সময় কাউন্টারের পাশেই ছিলেন এক টিকিট কালোবাজারি। তিনি যাত্রীকে ডেকে নিয়ে অতিরিক্ত টাকায় ওই তিন বুকিং সহকারীর কাছ থেকেই টিকিটের ব্যবস্থা করে দিলেন।
ঠিক এই মুহূর্তে কালোবাজারিসহ রেলের তিন বুকিং সহকারীকে আটক করা হলো। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে ফাঁদ পেতে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত।
আটক কালোবাজারির নাম মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত তাঁকে তাৎক্ষণিক দুই মাসের কারাদণ্ড দেন। আর টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত তিন বুকিং সহকারীকে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। পরে রেলওয়ের বাণিজ্য বিভাগের সিলেট বিভাগীয় প্রধান শফিকুর রহমান তিনজনকে সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়া এই তিন টিকিট বুকিং সহকারী হলেন জহুর লাল দাশ, শফিক আহমদ ও রফিক আহমদ। তাঁরা তিন বছর ধরে সিলেট রেলওয়ে স্টেশনে কর্মরত আছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, হোসাইন মোহাম্মদ হাই জকি ও মোস্তাফিজুর রহমান।
রেলওয়ে সূত্র জানায়, সিলেটে টিকিট বুকিং কাউন্টারে মুঠোফোনে যোগাযোগ রেখে কালোবাজারি একটি চক্র দীর্ঘদিন ধরে তৎপর ছিল। কিন্তু টিকিট কাউন্টারে কার কার সঙ্গে কালোবাজারিদের সম্পর্কÑছিল, সে বিষয়ে নিশ্চিত ছিল না কর্তৃপক্ষ। টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রির সময় কালোবাজারি চক্রের কেউ আশপাশে থাকতে পারে,Ñএমন ধারণা থেকে ভ্রাম্যমাণ আদালত কৌশলে এ অভিযান চালায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কাজী শহিদুর রহমান বলেন, টিকিট কালোবাজারির সঙ্গে তিন বুকিং সহকারীর জড়িত থাকার বিষয়টি হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। রেলওয়ের বাণিজ্য বিভাগ তাঁদের সাময়িক বরখাস্ত করেছে। সেই সঙ্গে ঘটনা তদন্ত করা হবে। তদন্তে প্রমাণ মিললে তাঁদের স্থায়ী বরখাস্ত বা শাস্তিমূলক অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে।
টিকিট কালোবাজারি মিজানুরের বাড়ি ফরিদপুরে। প্রায় দুই বছর ধরে তিনি সিলেট রেলওয়ে স্টেশন এলাকার আশপাশে ব্যবসা করার নাম করে বসবাস করে আসছেন।