টিকিট কালোবাজারির অভিযোগে স্টেশন সুপার বরখাস্ত
টিকিট কালোবাজারির অভিযোগে রাজশাহী রেলস্টেশনের তত্ত্বাবধায়ক (স্টেশন সুপার) আবদুল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে থেকে এই আদেশ দেওয়া হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশনের কয়েকজন কর্মচারী বলেছেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনের একজন আত্মীয়কে টিকিট দেওয়া হয়নি বলে আবদুল করিমকে টিকিট কালোবাজারির কথা বলে বরখাস্ত করা হয়েছে।
জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, এ রকম একটি আদেশের বিষয় তিনি জানতে পেরেছেন। কী অভিযোগে বরখাস্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, টিকিট সংক্রান্ত বিষয়ে আবদুল করিমকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে জানতে রাজশাহী স্টেশন তত্ত্বাবধায়ক আবদুল করিমকে ফোন করা হলে, তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
মহাপরিচালক আমজাদ হোসেনের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।