টিকিট চেকারকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গত বুধবার রাতে কমিউটার ট্রেনের বগি থেকে ধাক্কা দিয়ে একজন টিকিট চেকারকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন যাত্রীরা।
ওই টিকিট চেকারের নাম কামরুজ্জামান সাজ্জাদ (২২)। তিনি রংপুরের কান্দারহাট উপজেলার দাদন এলাকার রফিকুল ইসলামের ছেলে। সাজ্জাদ এক বছর ধরে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে চলাচলকারী ওই কমিউটার ট্রেনের টিকিট চেকার হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কমিউটার ট্রেনটি বুধবার বিকেল চারটার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। বিমানবন্দর স্টেশন থেকে ওই ট্রেনে ওঠেন একদল যুবক। টিকিট চেকার সাজ্জাদ তাঁদের টিকিট দেখাতে বলেন। কিন্তু ওই যুবকদের কাছে টিকিট ছিল না। এ নিয়ে সাজ্জাদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি জামালপুর স্টেশন ছেড়ে শহরের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে ওই যুবকেরা সাজ্জাদকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এলাকাবাসী রাতেই সাজ্জাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরুল ইসলাম বলেন, টিকিট চেকার সাজ্জাদ মাথার পেছনের দিকে গুরুতর আঘাত পেয়েছেন। ট্রেনের যাত্রীরা ঘটনার সময় জহুরুল ইসলাম নামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। তাঁর বাড়ি মেলান্দহ উপজেলায়। জহুরুল ও অজ্ঞাতনামা তিন যুবককে আসামি করে থানায় মামলা করেছেন কমিউটার ট্রেনের জামালপুরের এজেন্ট মো. আবুল ওয়াহেদ।