টিকিট কাউন্টারগুলো বন্ধ। দর্শকদের টিকিট ছাড়াই মেলায় ঢুকতে বলছেন কিছু তরুণ। মেলায় ঢোকার মুখেই দীর্ঘ সারি। পুলিশও চুপচাপ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল রোববার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এ রকম অবস্থা তৈরি হয়।
সূত্রগুলো জানায়, মেলার ইজারাদার প্রতিষ্ঠানের সঙ্গে বিবাদের জের ধরে টিকিট বিক্রি বন্ধ করে দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। পরে ইজারাদার বিভিন্ন জায়গায় ফোন করে ‘সরি’ বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে ইজারাদার ব্যবসার সমস্যা হবে বলে কিছু বলতে চাননি। আর ছাত্রলীগ নেতারা বলছেন, গেটে সমস্যা হওয়ার কারণে জুনিয়াররা গেট উন্মুক্ত করে দেয়।
এ বছর ৬ কোটি ১৪ লাখ টাকায় মেলা ফটকে টিকিট বিক্রির ইজারা পেয়েছে মীর ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। মীর ব্রাদার্সের মালিক ও অংশীদারেরাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বাণিজ্য মেলার ভিআইপি ফটকের সামনে অবস্থান নেন। এরপর কয়েকজন ইজারাদার প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। একটার দিকে তাঁরা মেলার প্রধান প্রবেশ ফটকে অবস্থান নিয়ে সব টিকিট কাউন্টার বন্ধ করে দিতে বাধ্য করেন। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনেই তাঁরা এ ঘটনা ঘটান। এ সময় দর্শনার্থীরা টিকিট কাটতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা জানিয়ে দেন, টিকিট কাটতে হবে না। ফটক খোলা রয়েছে। এভাবে প্রায় এক ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ করে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই সময় টিকিট ছাড়াই মেলায় দর্শনার্থীদের ঢোকানো হয়। এমনকি তখন নিরাপত্তা তল্লাশিও বন্ধ করে দেওয়া হয়। বেলা দুইটার পর ইজারাদারদের সঙ্গে সমঝোতা হলে ফটক ছেড়ে চলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। আবারও টিকিট বিক্রি শুরু হয়।
পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছিলেন ব্যবসায়ী শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা টিকিট কাটতে গিয়েছিলাম। কাউন্টারে দাঁড়ানো কয়েকজন ছেলে আমাকে বলল, টিকিট কাটার দরকার নেই। আজকে সবার জন্য শহীদুল ভাই (ইজারাদার) টিকিট ফ্রি করে দিয়েছে। এরপর সত্যি সত্যি টিকিট ছাড়াই ভেতরে ঢুকেছি। পুলিশও কিছু বলেনি।’
মেলা ফটকের ইজারাদার প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মীর শহীদুল আলম কী নিয়ে বিবাদ সে বিষয়ে কিছু বলতে চাননি। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এসব বললে আমার ব্যবসার সমস্যা হবে।’ কীভাবে সমস্যার সমাধান হলো জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তীতে বেশ কয়েক জায়গায় ফোন দিয়ে সরি বলার পর ছাত্ররা গেট ছেড়ে দেয়।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল হক বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে কোনো ঝামেলা এখানে ছিল না। গেটে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সঙ্গে সমস্যা করায় জুনিয়ররা গিয়ে গেট ফ্রি করে দেয় বলে শুনেছি। পরবর্তীতে আমরা গিয়ে ছাত্রদের ফিরিয়ে নিয়ে আসি।’
বাণিজ্য মেলায় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সঙ্গে ফটক ইজারা পাওয়া কর্তৃপক্ষের সমস্যা হয়েছিল। পরে তারা দুই পক্ষ সমঝোতা করে নেয়।’