টিকিটে অতিরিক্ত টাকা আদায়, কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে ঢাকায় যেতে আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে টিকিট কাউন্টারের কর্মচারী রফিকুল ইসলামকে আজ সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক (সুপার) শেখ আবদুল জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত কর্মচারী রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত টাকাও ওই যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে।

রংপুর রেলওয়ে স্টেশন সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রংপুর শহরের একজন কলেজছাত্রী প্রথম শ্রেণির (বার্থ) দুটি টিকিট কিনতে স্টেশনে যান। তখন টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন কর্মচারী রফিকুল ইসলাম। প্রতি টিকিটের মূল্য হলো ১ হাজার ১০ টাকা। সেখানে দুটি টিকিটের দাম নেওয়ার কথা ২ হাজার ২০ টাকা। কিন্তু ওই ছাত্রীর কাছ থেকে রফিকুল ২ হাজার ৩০০ টাকা নেন। ওই ছাত্রী ফোনে বিষয়টি তাঁর ভাইকে জানালে তিনি (ভাই) রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপার মোস্তাফিজার রহমানের কাছে ফোনে অভিযোগ করেন। পরে ওই ছাত্রী রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়কের (সুপার) কাছে লিখিত অভিযোগ দেন। তখন কর্মচারী রফিকুল ওই কলেজছাত্রীর কাছে ক্ষমা চেয়ে অতিরিক্ত টাকা ফেরত দেন।
অভিযুক্ত কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যতে এমন কাজ করব না বলে রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক (সুপার) সাহেবের কাছে অঙ্গীকার করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপার মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, অভিযোগ পেয়ে কর্মচারী রফিকুলকে বরখাস্ত করার লিখিত নির্দেশ রংপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রংপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকার টিকিট রংপুর স্টেশন থেকে বরাদ্দ প্রথম শ্রেণি (বার্থ) ১২টি টিকিট, চেয়ার ৪৭টি ও সাধারণ ১১৬টি টিকিট।