টিকিটে অতিরিক্ত টাকা আদায়, কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে ঢাকায় যেতে আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিটে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে টিকিট কাউন্টারের কর্মচারী রফিকুল ইসলামকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক (সুপার) শেখ আবদুল জব্বার বলেন, অভিযুক্ত কর্মচারী রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত টাকাও ওই যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী যাত্রী জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এক কলেজছাত্রী প্রথম শ্রেণির (বার্থ) দুটি টিকিট কিনতে স্টেশনে যান। তখন টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন কর্মচারী রফিকুল ইসলাম। প্রতিটি টিকিটের মূল্য ১ হাজার ১০ টাকা। সেখানে দুটি টিকিটের দাম নেওয়ার কথা ২ হাজার ২০ টাকা। কিন্তু ওই ছাত্রীর কাছ থেকে রফিকুল ২ হাজার ৩০০ টাকা নেন। ওই ছাত্রী ফোনে বিষয়টি তাঁর ভাইকে জানালে তিনি (ভাই) রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সুপার মোস্তাফিজার রহমানের কাছে ফোনে অভিযোগ করেন। পরে ওই ছাত্রী রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়কের (সুপার) কাছে লিখিত অভিযোগ দেন। তখন কর্মচারী রফিকুল ওই ছাত্রীর কাছে ক্ষমা চান।