টিন-কাঠের বাড়ি দেবে গেল পানিতে, ১১ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকায় গতকাল বিকেলে দোতলা টিনশেড বাড়ি হঠাৎ করে দেবে যায়। হতাহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা l ছবি: প্রথম আলো
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকায় গতকাল বিকেলে দোতলা টিনশেড বাড়ি হঠাৎ করে দেবে যায়। হতাহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা l ছবি: প্রথম আলো

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় গতকাল বুধবার জলাশয়ের ওপর টিন-কাঠের তৈরি দোতলা একটি বাড়ি পানিতে দেবে গেছে। রাত সাড়ে নয়টা পর্যন্ত পুলিশ ১১টি লাশ উদ্ধারের কথা জানিয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
বাড়িটির মালিক যুবলীগের স্থানীয় একজন নেতা বলে বাসিন্দারা জানিয়েছেন। বাড়ির বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে বাড়িটি মট মট করে দেবে যায়। এর একতলার পুরোটাই পানির নিচে ডুবে যায়। দোতলার মেঝেও হাঁটুসম পানিতে তলিয়ে যায়। এতে নিচতলায় ওই সময় যাঁরা ছিলেন তাঁরাই হতাহত হন।
রাত নয়টায় পুলিশের মতিঝিল বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার ১১ জনের লাশ পুলিশ পেয়েছে। এঁদের মধ্যে বরগুনা সদর উপজেলার খাজুরতলার বাসিন্দা আখের রস বিক্রেতা নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী কল্পনা আক্তার (৪০), তাঁদের পুত্রবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা রোখসানা বেগম (২২), ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলার রিকশাচালক মিজানুর রহমানের (২৫) লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। অন্যরা হলো: ফারজানা আক্তার (১২), তার মা রূপসী বেগম (৭০), রুনা আক্তার (১৭), সিএনজিচালিত অটোরিকশাচালক জাকির হোসেন (৪০), সাইফুল ইসলাম (১৪), মুদি দোকানি হারুন (৪৫), করুনা বেগম (৪৫)।
বেঁচে যাওয়া ওই বাড়ির বাসিন্দারা জানান, নিহত জাকির হোসেন ওই বাড়ির বাসিন্দা নন। তিনি বন্ধু নিজাম উদ্দিনের বাড়িতে প্রতিদিনের মতো গতকাল দুপুরে খেতে এসেছিলেন। একইভাবে নিহত রুনা আক্তার ওই বাড়ির বাসিন্দা পোশাকশ্রমিক নাসরিন আক্তারের পরিচিত।
মালিবাগ চৌধুরীপাড়ায় বেগের বাড়িসংলগ্ন ঝিলের ওপর তৈরি করা হয়েছে ৫০টির বেশি টিন-কাঠের দোতলা বাড়ি। পানিতে ডুবে থাকা বাঁশের খুঁটির ওপর লোহার কাঠামো, কাঠের পাটাতন ও টিনের বেড়া দিয়ে তৈরি বাড়িগুলো।
স্থানীয় লোকজন জানিয়েছেন, সরকারদলীয় রাজনীতিক ও স্থানীয় মাস্তানেরা মিলেমিশে অবৈধভাবে এসব বাড়ি তুলে ভাড়া দিয়েছে। বাড়িটির মালিক মুনীর চৌধুরী। তিনি যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতা। ওপর ও নিচতলা মিলিয়ে ২২-২৪টি ঘর রয়েছে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। প্রতিটি ঘরের ভাড়া মাসিক চার থেকে সাড়ে চার হাজার টাকা। দুদিকে দুটি সাঁকো দিয়ে স্থলের সঙ্গে বাড়িটি সংযুক্ত। সিকি কিলোমিটার সাঁকো দিয়ে রামপুরা বউবাজার এলাকায় যাওয়া যায়। আবার কয়েক গজ সাঁকো পেরোলে মালিবাগ চৌধুরীপাড়া। পোশাককর্মী, রিকশা-ভ্যানচালক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারগুলো মূলত এই বাড়ির ভাড়াটে।
খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে বউবাজারে প্রবেশের মুখে মানুষের ভিড়ে মধ্যবয়সী ইয়াসমিন বেগমকে কান্নাকাটি করতে দেখা গেল। তিনি বললেন, ওই বাড়ির দোতলায় তিনি নিজের ঘরে বসে ছিলেন। হঠাৎ মট মট শব্দে বাড়িটি সোজা নিচে ঝিলের পানিতে দেবে যায়। দোতলার প্রায় সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। তিনি যখন বের হচ্ছিলেন তখন তাঁর ঘরে হাঁটুপানি।
পোশাককর্মী নাসরিন আক্তার নিচতলায় থাকতেন। ঘটনার সময় তিনি কারখানায় ছিলেন। তবে তাঁর স্বামী খোকন, পরিচিত জাকির হোসেন ও রুনা আক্তার ঘরে ছিলেন। খবর শুনে ছুটে এসে স্বামী ও ভাইকে খুঁজে পান। তিনি বলেন, সামান্য বাতাসে ও কেউ দৌড়াদৌড়ি করলে বাড়িটি দুলত। এ কারণে তিনি ১ মে থেকে অন্যত্র ঘর ভাড়া করেছেন। তাঁর স্বামী খোকন পাটাতন ভেঙে বের হয়েছেন। পানির মধ্যে খোকন প্রতিবেশীর চারটি বাচ্চাকে ধরে রেখেছিলেন। তবে পাটাতন ভাঙার সময় শিশুগুলো হাত থেকে ছুটে যায়। নাসরিনের ধারণা, সেখানে ৪০ থেকে ৫০ জন আটকা পড়েছিলেন।
পাটাতন ভেঙে বের হতে গিয়ে ১৫ বছরের সখিনার মাথার তালু কেটে গেছে। সখিনা জানায়, নানা আবদুল মালেক ও নানি করুণা বেগমের কাছে বেড়াতে এসেছিল সে ও তার ছোট বোন। নানা-নানি নিচতলার একটি ঘরে থাকতেন। ঘটনার সময় সে পাশের ঘরে ছিল। হঠাৎ বাড়িটি দেবে গেলে সে মাচা ধরে আরও কয়েকজনের সঙ্গে ঝুলে ছিল। এরপর কয়েকজন মিলে মাথা দিয়ে মাচা ও দোতলার পাটাতন ভেঙে বেরিয়ে আসে। এতে সবারই মাথার তালু কেটে যায়। বের হয়ে নানা ও ছোট বোনকে পেলেও নানিকে খুঁজে পায়নি সে।
দোতলার বাসিন্দা ভ্যানচালক সিদ্দিক মিয়া বলেন, এক বছর আগে বাড়িটি তৈরি করা হয়। গত মার্চ মাসে তিনি দুটি ঘর ভাড়া নেন মাসে সাড়ে আট হাজার টাকায়। তাঁর পরিবারসহ কয়েকজন স্বজন থাকেন। ঘর দেবে যাওয়ার সময় তিনি জানালার গ্রিল ছুটিয়ে বের হয়ে আসেন। এতে টিনে তাঁর হাত কেটে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযানে যোগ দেয়। সংস্থাটির ঢাকা বিভাগের উপপরিচালক এ বি এম নুরুল হক বলেন, বাড়িটির সাত থেকে আট ফুট দেবে গেছে। নিচতলা পুরোটাই পানিতে নিমজ্জিত। দোতলার মেঝেতেও পানি উঠেছে। তিনি বলেন, লোহার কাঠামো, টিন-কাঠ দিয়ে তৈরি হওয়ায় ক্রেন দিয়ে একসঙ্গে পুরো বাড়িটি ওঠানো সম্ভব নয়। একবারে টান দিলে সব ভেঙেচুরে ছড়িয়ে পড়বে, এতে উদ্ধারকাজে আরও সমস্যা হবে। তাঁরা দোতলার ঘর কেটে কেটে অংশ বিশেষ বের করে তল্লাশি চালাচ্ছেন।
রাত নয়টার দিকে উদ্ধার অভিযানে একটি ক্রেন আনা হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দোতলা কাটা শেষ হলে পানির নিচ থেকে ক্রেন দিয়ে টেনে নিচতলাটি তুলে আনার পরিকল্পনা করছেন তাঁরা। অবৈধভাবে অদক্ষ হাতে তৈরি করা হয়েছিল বাড়িটি।
রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় দেবে যাওয়া বাড়ির সামনের অংশ তুলে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা বাড়িটির নিচে আবার তল্লাশি শুরু করেছেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি আলমগীর হোসেন ও মাসুদুল হক বলেন, তাঁরা দোতলার পাটাতন কেটে পাঁচটি ঘরে তল্লাশি চালিয়ে দুই নারীর লাশ পেয়েছেন। ঘরগুলো বিভিন্ন ধরনের মালামালে ঠাসা থাকায় তল্লাশিতে সমস্যা হচ্ছে। দুর্গন্ধময়-পচা পানির নিচে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। কালো পানিতে খুব কাছের বস্তুও ঠিকমতো দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা তুষার আহমেদ বলেন, বাড়িটি দেবে যাওয়ার খবর শুনে তিনি এসে দেখেন স্থানীয়রা টিনের বেড়া কেটে, কাঠের পাটাতন ভেঙে হতাহতদের উদ্ধার করছে। পরে গ্যাস-বিদ্যুতের লোকজন এসে সংযোগগুলো বিচ্ছিন্ন করেন।
তবে বাড়ির জমিটি কার তা রাত পর্যন্ত স্পষ্ট হয়নি। ঢাকা জেলা প্রশাসনের তেজগাঁও সার্কেলের কর্মকর্তা সাকিল আহমেদ বলেন, জমিটি খাস না সরকারি কোনো সংস্থার মালিকানায়, তা নিশ্চিত হওয়া যায়নি। জমির মালিক কে তা খুঁজে বের করতে সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। তিনি জানান, জেলা প্রশাসন নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে ও আহত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দেবে যাওয়া বাড়ির মালিককে ধরতে অভিযান: দেবে যাওয়া বাড়ির মালিক মনির চৌধুরীকে ধরতে রামপুরা থানার পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান শুরু করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন।
তদন্ত কমিটি গঠন: রাতে স্বরাষ্ট্রসচিব এস এম মোজাম্মেল হক ও ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জেল হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন-পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।