অন্যের টিপসই নিয়ে ভোলা সদর উপজেলার জনপ্রতিনিধিসহ একটি চক্রের বিরুদ্ধে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ এ কাজে বাধা দেওয়ায় চক্রটি ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।
সদর উপজেলার ইলিশা শাখার কৃষি ব্যাংকের একাধিক কর্মচারী জানান, পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান হোসেন এবং ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্যের স্বামী বশির আহমেদসহ ২০-২৫ জন লোক গত বৃহস্পতিবার ১ হাজার ২০০ হিসাবধারীর চেক নিয়ে এসে টাকা তোলার চেষ্টা করেন। ব্যাংকের ব্যবস্থাপক হিসাবধারীদের উপস্থিতি ছাড়া টাকা ছাড় করতে অস্বীকৃতি জানালে চক্রটি তাঁর ওপর চড়াও হয়। চক্রের সদস্যরা ব্যাংকিং সময় পার হয়ে যাওয়ার পরও কয়েক ঘণ্টা ধরে ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে ব্যাংকের ভোলা শাখার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত রোববারও চক্রের লোকজন একইভাবে টাকা তুলতে ব্যাংকে যান। টাকা না দেওয়া হলে তাঁরা ব্যাংকের ব্যবস্থাপককে দেখে নেওয়ারও হুমকি দেন।
ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, তাঁর শাখায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির আওতায় সদর উপজেলার পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ১ হাজার ২০০ জন হতদরিদ্র নারী ও পুরুষের ব্যাংক হিসাব রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি প্রতিটি ব্যাংক হিসাব নম্বরে প্রায় আট হাজার টাকা করে জমা হয়। এসব ব্যাংক হিসাবধারী নারী-পুরুষের বেশির ভাগই টিপসই দিয়ে টাকা তুলে থাকেন।
ভোলা কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএমও) আতাহার উদ্দিন বলেন, টিপসইয়ের ক্ষেত্রে যাঁর নামে হিসাব তাঁকেই টাকা তুলতে হবে।
পূর্ব ইলিশার ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, তিনি অন্য ব্যক্তির টাকা তুলতে কৃষি ব্যাংকে যাননি।
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ভোলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আবুল বাশার বলেন, গত ১৫ ফেব্রুয়ারি ওই তিন ইউনিয়নে কর্মসূচি শেষ হয়েছে। টাকা তোলার অনুমতিও দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কাজ না করেই জনপ্রতিনিধিরা হিসাবধারীদের টিপসই নিয়ে টাকা তোলার চেষ্টা করছেন।