টিপু সুলতানকে ধরতে আগ্রহী নয় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি যশোরের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তাঁর স্ত্রীকে তিন দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতেই শামারুখকে হত্যার অভিযোগে তাঁর স্বামী হুমায়ুন সুলতানকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু হুমায়ুনের বাবা আওয়ামী লীগের নেতা খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী জেসমিন আরাকে গ্রেপ্তার করছে না পুলিশ।
নুরুল ইসলাম জানান, টিপু সুলতানের অপরাধমূলক কর্মকাণ্ডের যাবতীয় তথ্যপ্রমাণ শামারুখ ওই বাসায় স্যুটকেসে লুকিয়ে রেখেছেন। হত্যার আগের রাতে শামারুখ তাঁকে ফোনে এ কথা বলেছিলেন। এসব কাগজপত্র সরাতে শামারুখকে তাঁর শ্বশুর টিপু সুলতান, শাশুড়ি ও স্বামী পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
শামারুখের ভাই প্রকৌশলী শাহানুর শরিফ অভিযোগ করেন, টিপু সুলতান ও তাঁর স্ত্রীকে পুলিশ পালিয়ে যেতে সহায়তা করেছে। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়ারও চেষ্টা চলছে।
যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাবার সঙ্গে শামারুখের মুঠোফোনের কথোপকথন, শামারুখের স্বামীকে জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে টিপু সুলতান ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা যায় না।
গতকাল দুপুরে টিপু সুলতানের খোঁজ নিতে তাঁর ধানমন্ডি ৬ নম্বর সড়কের বাড়িতে গেলে কর্তব্যরত নিরাপত্তাকর্মী প্রকাশ মণ্ডল বলেন, তিনি শুক্রবার বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে যশোরের বাড়িতে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন, বাসায় গৃহকর্মী থাকবে। নিরাপত্তাকর্মী এ প্রতিবেদককে ওই বাসায় যেতে দেননি। শামারুখের বাবা নুরুল ইসলাম বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, টিপু সুলতান যশোরের বাড়িতে যাননি।
গতকাল তাঁর সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর ব্যক্তিগত সহকারী নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
কালো ব্যাজ ধারণ: হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও হলিফ্যামেলি রেড ক্রিসেন্ট ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট শামারুখের মৃত্যুর ঘটনায় শিক্ষক ও চিকিৎসকেরা কালো ব্যাজ ­ধারণ করেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার দুপুর ১২টার দিকে ওই কলেজের সামনে তাঁর সহপাঠী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মানবন্ধন করবেন।
গত বৃহস্পতিবার খান টিপু সুলতানের ধানমন্ডির বাসায় শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। ওই রাতেই শামারুখের বাবা নুরুল ইসলাম মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হুমায়ুন সুলতান এবং তাঁর বাবা ও মাকে আসামি করা হয়।