টিফিন বাটির দাম জীবনের সমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি টিফিন বাটিকে কেন্দ্র করে সংঘর্ষে আবদুর রাজ্জাক (২৮) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় এ মারপিটের ঘটনাটি ঘটে। পরে ওই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

নিহত শ্রমিক আবদুর রাজ্জাক উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ আজ শনিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ, মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংস্কারের জন্য অন্যদের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতে যান আবদুর রাজ্জাক (২৮)। একই এলাকার নুরুজ্জামানের ছেলে রিপন মিয়াও (২৪) সেখানে কাজ করতে যান। কিন্তু শুক্রবার দুপুরে খাবার শেষ করে টিফিন বাটি ভুল করে ফেলে রেখে আসেন রিপন মিয়া। পরে তিনি টিফিন বাটিটি আনার জন্য মোবাইল ফোনে আবদুর রাজ্জাককে বলেন। সে অনুযায়ী আবদুর রাজ্জাক টিফিন বাটিটি বাড়িতে নিয়ে এলে সন্ধ্যায় সেটি আনার জন্য রিপন মিয়ার ছোট বোন শিল্পী খাতুন তাঁদের বাড়িতে যায়। এ সময় টিফিন বাটি নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে রিপন মিয়া এগিয়ে গিয়ে তিনিও বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে আবদুর রাজ্জাক অচেতন হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর বৃদ্ধ মা রওশন আরা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় আবদুর রাজ্জাককে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুর রহমান গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর রিপন মিয়া এবং তাঁর বাবা নুরুজ্জামানসহ সাতজনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত আবদুর রাজ্জাকের মা রওশন আরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘যামরা (যারা) মোর ছাওয়াক বিনা দোষে পিটিয়া মারি ফেলাইলো, যামরা রাজ্জাকের ব্যাটা বেটিক এতিম বানাইলো, বউওক বিধবা বানাইলো মুই ওমার গুলার (ওদের সকলের) উপযুক্ত সাজা চাও।’
আবদুর রাজ্জাকের দুই বছরের একটি ছেলে ও এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, সামান্য একটি টিফিন বাটিকে কেন্দ্র করে এই দুঃখজনক হত্যার ঘটনাটি ঘটেছে। তিনি জানান, এ ঘটনায় নিহত শ্রমিক আবদুর রাজ্জাকের বড় ভাই আবদুর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।