টিফিনের বিস্কুট নিয়ে পালাচ্ছিলেন প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষিকাকে (বায়ে) ঘিরে বিক্ষোভ করেন অভিভাবকেরা। ছবি: প্রথম আলো
প্রধান শিক্ষিকাকে (বায়ে) ঘিরে বিক্ষোভ করেন অভিভাবকেরা। ছবি: প্রথম আলো

বিদ্যালয়ের শিশুদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দুপুরের টিফিন হিসেবে বিস্কুট দেওয়া হয়। কিন্তু প্রায়ই শিশুরা তাদের টিফিন পায় না। আজ সেই বিস্কুটের প্যাকেট ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। তাঁর শাস্তি ও অপসারণের দাবিতে স্থানীয় অভিভাবকেরা তাঁকে বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন।

আজ শনিবার দুপুরে রংপুরের বদরগঞ্জের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষকের নাম শাহীনা বেগম।

দারিদ্র্যপীড়িত এলাকা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় রংপুরের বদরগঞ্জ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিফিনের খাবার হিসেবে প্রতিদিন ওই বিস্কুট সরবরাহ করা হয়।

ওই বিদ্যালয়ের ৩ জন শিক্ষক, ১০ জন অভিভাবক ও ৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা অভিযোগ করে, গত বছরের ৩১ জুলাই প্রধান শিক্ষক হিসেবে শাহীনা বেগম ওই বিদ্যালয়ে যোগদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ওই বিস্কুট দিতেন না। আজ শিশুদের মধ্যে বিস্কুট বিতরণ না করে বেলা একটার দিকে ওই প্রধান শিক্ষক প্রকল্পের বিস্কুট ব্যাগে ভর্তি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্কুল থেকে অন্তত ৩০০ গজ দূরে স্থানীয় জনতা ব্যাগসহ তাঁকে আটক করেন।

অভিভাবক বানু বেগম ও রাজেকা বানু অভিযোগ করেন, প্রথমে ব্যাগ দেখতে চাইলে প্রধান শিক্ষক তাঁদের ওপর ক্ষুব্ধ হন। এরপর সেখানে অনেক অভিভাবক জড়ো হলে বাধ্য হয়ে তিনি ব্যাগ দেখান। এ সময় ব্যাগের ভেতরে ২৮ প্যাকেট সরকারি বিস্কুট পাওয়া যায়। পরে সেখান থেকে তাঁকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়।

বেলা দুইটার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষককক্ষে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ করছেন। অবরুদ্ধ শাহীনা বেগম অফিসকক্ষে জড়সড় হয়ে বসে ছিলেন। বিক্ষোভকারীরা এ সময় তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অবরুদ্ধ থাকেন। পরে স্কুল ফিডিং প্রকল্পের জেলা কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রধান শিক্ষক শাহীনা বেগমকে জনতা ছেড়ে দেন।

বানু বেগম, শাহিনুর আলম, আমিনুল ইসলামসহ অন্তত ১০ জন অভিভাবক অভিযোগ করেন, প্রায় দিন স্কুলের শিশুদের বিস্কুট দেওয়া হতো না। প্রধান শিক্ষক বলতেন, বিস্কুট সরবরাহ নেই। একই অভিযোগ করেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলামও।

ওই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী বলে, বিস্কুট চাইলে প্রধান শিক্ষক বলতেন বিস্কুট নেই। অনেক সময় গালিও দিতেন।

অভিযুক্ত শাহীনা বেগম বলেন, ‘বিদ্যালয়ের পিয়ন আরিফুল ইসলাম কখন যেন ওই বিস্কুট আমার ব্যাগে দিয়েছিলেন। তা আমি জানতাম না।’

আরিফুল ইসলাম ওই প্রধান শিক্ষকের সামনেই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক নিজেই ওই বিস্কুট ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল মিয়া বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্কুট বিতরণ না করার অভিযোগ প্রায় দিনই পেতাম। আজ সেই বিস্কুট শিশুদের মধ্যে বিতরণ না করে ব্যাগে ভরে পাচারের সময় জনতার হাতে তিনি ধরা পড়েন। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’

স্কুল ফিডিং প্রকল্পের রংপুর জেলা সমন্বয়কারী শাহীন হক বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি ঘটনাটি জানার পরেই ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। অভিভাবকেরা প্রধান শিক্ষককে প্রকল্পের বিস্কুট পাচারের সময় ব্যাগসহ আটক করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল ফিডিং প্রকল্পের একটি বিস্কুটও কোনো শিক্ষকের খাওয়া কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ঘটনাটি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছ থেকে শুনেছি। লিখিত অভিযোগ পেলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ওই প্রধান শিক্ষক লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালে তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের ফ্যান ও রড চুরি, বিনা মূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, শিক্ষক–শিক্ষার্থী অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে অসদাচরণ ও সভাপতির সই জালসহ বিভিন্ন অভিযোগ ছিল। এ নিয়ে প্রথম আলোয় ২০১৫ ও ২০১৬ সালে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্তত পাঁচটি সংবাদ প্রকাশিত হয়।