টিভি চ্যানেলের গাড়িচালকের লাশ উদ্ধার
পাঁচ দিন নিখোঁজ থাকার পর গতকাল শনিবার ডেমরা এলাকা থেকে বেসরকারি চ্যানেল মাই টিভির গাড়িচালক মোহাম্মদ পারভেজের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রিপন নামে পারভেজের এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, ডেমরার বামইর মোল্লারটেকের একটি ঝোপের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে পুলিশ একটি বস্তা বাঁধা অবস্থায় পায়। বস্তাটি খোলার পর ভেতরে গলিত লাশ দেখা যায়। তাঁর হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। গলা, বুক, ডান হাত ও দুই হাঁটুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরে স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ ধারণা করছে, অন্যত্র হত্যা করে পারভেজের লাশ এখানে ফেলে যায় খুনিরা।
পারভজের ভাই পাভেল হোসেন ওরফে মিঠু বলেন, পারভেজ সপরিবারে পূর্ব বাড্ডায় থাকতেন। ১২ সেপ্টেম্বর পারভেজ বন্ধুদের কাছে ৭০ হাজার টাকা পাবেন, তা আনতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তাঁদের বাবা আবদুল জালাল ১৩ সেপ্টেম্বর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, জিডির তদন্ত করে পুলিশ জানতে পারে পারভেজ পিকআপ ভ্যানে করে ডেমরার স্টাফ রোড পর্যন্ত গিয়েছিলেন। পরে স্বজনেরা রিপন নামে পারভেজের এক বন্ধুকে আটক করে হত্যাকারী সন্দেহে পুলিশে সোপর্দ করে।
ডেমরা থানার পুলিশ জানায়, রিপন হত্যার কথা স্বীকার করে আরও তিনজনের নাম বলেছেন। তবে বাড্ডা থানার পুলিশ জানায়, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। বাড্ডায় আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কয়েক মাস কারাবন্দী ছিলেন। একাধিক থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।