টিভি চ্যানেলের চার কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন দুটি টিভি চ্যানেলের সরঞ্জাম, পাইরেটেড সিডি জব্দসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার সকালে গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইব্রাহিম হোসেন হাওলাদার, রাশেদ হোসেন, মো. শামীম আহম্মেদ ও মো. বোরহান উদ্দিন। এর মধ্যে ইব্রাহিম নিজেকে এইচ বাংলা ও নেহা টিভির ব্যবস্থাপনা পরিচালক, রাশেদ বিপণন কর্মকর্তা, শামীম সম্পাদক এবং বোরহান নিজেকে বিশেষ প্রতিনিধি হিসেবে দাবি করেছেন। তাঁদের বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে টিভি চ্যানেলের সার্ভার পরিচালনায় ব্যবহৃত একটি করে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও রাউটার; পাঁচটি মনিটর, ছয়টি সিপিইউ, চারটি ইউপিএস, ছয়টি কিবোর্ড, ১৪টি রিসিভার ও রিসিভার রিমোট, দুটি টিভি কার্ড, ১৮টি পেনড্রাইভ, চারটি স্পিকার, নয়টি মুঠোফোন, ১১ হাজার ১০৫ টাকা এবং স্যাটেলাইট সম্প্রচারের ইলেকট্রনিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গুলশানের শাহজাদপুরের পলাশ টাওয়ারে ছিল টিভি চ্যানেল দুটির কার্যালয়। অভিযানের পর সেখানেই এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, অনুমোদন ছাড়াই এইচ বাংলা ও নেহা টিভি চ্যানেল দীর্ঘদিন ধরে সম্প্রচার কার্যক্রম চালিয়ে আসছিল। তারা সিডি পাইরেসির সঙ্গেও জড়িত। পাইরেটেড সিডিগুলো তারা চ্যানেলের মাধ্যমে দেখাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।