টিভি দেখা নিয়ে ছাত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় টেলিভিশন দেখাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে সীমা আকতার (১২) নামের এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার অম্বলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সীমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমা আকতার গোয়ালন্দ প্রপার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অসুস্থতার কারণে সে গতকাল শনিবার অর্ধবার্ষিকীর সাধারণ গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেনি।
সীমার বাবা জালাল খান বলেন, গত বৃহস্পতিবার সকালে সীমাসহ কয়েকটি শিশু বাড়ির পাশে একটি মুদি দোকানে টেলিভিশন দেখতে যায়। প্রতিবেশী মো. মাসুদ (৩২) তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে সীমার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরদিন শুক্রবার সকালে ফের ওই দোকানে টেলিভিশন দেখতে গেলে সীমাকে মারধর করেন মাসুদ। একপর্যায়ে সীমা অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে সেখানে গেলে মাসুদের পরিবারের সদস্যরা তাঁদের ধাওয়া দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। সীমাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় জালাল খান শুক্রবার রাতেই চারজনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন।