টিভি দেখা নিয়ে শিশু নির্যাতনের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় টেলিভিশন দেখাকে কেন্দ্র করে ১২ বছরের এক শিশুর ওপর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। চুলের মুঠি ধরে তাকে চড়-থাপ্পড়, কিল ও ঘুষি মারা হয়। নির্যাতনের একপর্যায়ে তলপেটে লাথি মারলে অজ্ঞান হয়ে যায় সে। আহত শিশুটি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার উপজেলার অম্বলপুর গ্রামে সীমা আকতার নামের ওই শিশুকে মো. মাসুদ (৩২) নামের এক যুবক এভাবে নির্যাতন করেছেন বলে থানায় অভিযোগ করা হয়। সীমা গোয়ালন্দ প্রপার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। হাসপাতালে থাকার কারণে আজ শনিবার স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। আজ তার গণিত পরীক্ষা ছিল।
শিশুটির বাবা জালাল খাঁর ভাষ্য, গত বৃহস্পতিবার সকালে সীমা প্রতিবেশী কয়েক শিশুর সঙ্গে বাড়ির পাশে সুমন সরদারের মুদি দোকানে টেলিভিশন দেখতে যায়। এ সময় দোকানে উপস্থিত প্রতিবেশী সিরাজ কাজীর ছেলে মো. মাসুদ সীমাকে সেখান থেকে চলে যেতে বলেন। সীমা চলে যেতে অস্বীকৃতি জানালে মাসুদ রাগারাগি করেন। গতকাল সকালে আবার ওই দোকানে টেলিভিশন দেখতে গিয়ে মাসুদের সামনে পড়ে সীমা। তাকে আবার চলে যেতে বলেন মাসুদ। এ নিয়ে দুজনের তর্ক লেগে যায়। এ সময় মাসুদ চুলের মুঠো ধরে সীমাকে বেদম মারপিট করেন। একপর্যায়ে মাসুদ সীমার তলপেটে লাথি মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সীমাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সীমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার জানান, গতকাল সীমাকে কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় আনা হয়। অক্সিজেন দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওই ঘটনায় সীমার বাবা জালাল খাঁ শুক্রবার রাতেই মাসুদ, মাসুদের বাবা সিরাজ কাজী, নিকবার কাজীর ছেলে রাজীব (৩২), সজীব (৩০) ও সাকিলের (২০) বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে মাসুদের বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁরা কেউ বাড়িতে না থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কয়েকজন প্রতিবেশী জানান, ঘটনার পর তাঁরা বাড়ি ছেড়ে চলে গেছেন।
সীমার বিদ্যালয় গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, সীমা দরিদ্র ও মেধাবী ছাত্রী। স্কুলে এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। কিন্তু এমন দুঃখজনক ঘটনার কারণে সে আজ গণিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘শুনেছি, দুই পরিবার নিকট আত্মীয়। ঘটনার তদন্তে ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছে। তাঁর প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’