টিভি দেখা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার গোবিন্দশ্রী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় মাসুম মিয়া (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। আটক ব্যক্তির নাম সাত্তার মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে গ্রামের চায়ের দোকানে বসে টিভিতে সিডি চালিয়ে সিনেমা দেখছিলেন ইমরান মিয়া ও মাসুম মিয়া। এ সময় টিভি দেখাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই যুবক ও তাঁদের স্বজনেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মাসুম মিয়া ও কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। মাসুম মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ সাত্তার মিয়াকে আটক করে। সাত্তার মিয়া ইমরান মিয়ার পক্ষের লোক।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।