টিলা ও গমখেত থেকে ২ লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের টিলা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যুবকের বয়স ৩০ বছরের মতো হবে বলে পুলিশ ধারণা করছে।
এদিকে দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ডাঙ্গাপাড়ায় গমের একটি খেত থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।
সীতাকুণ্ড ও নাটোর প্রতিনিধির পাঠানো খবর...
সীতাকুণ্ড: সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাফিকুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ৩-৪ দিন আগে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর পরনে নেভি ব্লু রঙের টি-শার্ট ও বাদামি রঙের গ্যাবারডিন প্যান্ট ছিল। রাফিকুল ইসলাম আরও বলেন, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
নাটোর: নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, উপজেলার খাজুরা ডাঙ্গাপাড়ায় গমের একটি খেতের ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, নিহত কিশোরের বয়স ১৫ বছরের মতো হবে। পুলিশ ধারণা করছে, অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।