টিলা কাটছেন প্রবাসী প্রশাসন কিছু জানে না
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামে বাড়ি নির্মাণের জন্য প্রায় দুই মাস ধরে টিলা কাটছেন এক প্রবাসী। টিলা কাটার কাজ প্রায় শেষ হয়ে এলেও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না।
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ৬-এর উপধারা খ অনুযায়ী, পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন বা দখলাধীন হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কাটতে পারবে না।
২১ জুলাই সরেজমিনে দেখা গেছে, টিলার তিন পাশে মাটির উঁচু দেয়াল। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এর ভেতরে টিলা কাটা চলছে। ভেতরে ১০-১২ জন শ্রমিক কাটার কাজ করছেন। মাটি কাটায় সেখানে প্রায় ৩০ ফুট গভীর গর্ত হয়ে গেছে। এ মাটি ফেলে পাশের আরও ১৬-১৭ ফুট নিচু জায়গা ভরাট করে উঁচু বানানো হচ্ছে। গতকাল বুধবারও দেখা যায় মাটি কাটার কাজ চলছে।
শ্রমিকদের সরদার সুভাষ ফুলমালী বলেন, গোয়ালবাড়ী গ্রামের কাতারপ্রবাসী কেদই মিয়া ২৪ শতকের এ টিলার মালিক। বাড়ি নির্মাণের জন্য তিনি তাঁদের দিয়ে মাটি কাটাচ্ছেন।
যোগাযোগ করলে কেদই মিয়া মুঠোফোনে বলেন, ‘এইখানে বাড়ি বানাইতাম। এর লাগি টিলা কাটাইয়ার। এইটা দোষের কী!’