টিলা কাটতে 'বিনা মূল্যে মাটি'র প্রচার

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি এলাকায় তিন সপ্তাহ ধরে রাতের অন্ধকারে একটি টিলা কাটা হচ্ছে। জমি বিক্রি করতে টিলাটি কেটে সমান্তরাল করা হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ঠাকুরেরমাটি এলাকার রাস্তার পাশে টিলাটির অবস্থান। প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৮০ ফুট প্রস্থের এ টিলার উচ্চতা প্রায় ৫০ ফুট। ঠাকুরেরমাটি রাস্তার পাশের একাংশ ইতিমধ্যে কাটা হয়েছে। বাকি রয়েছে রাস্তার বিপরীত দিক।
স্থানীয় কয়েকজন বলেন, গত ২৫ অক্টোবর রাত থেকে টিলাটি কাটা শুরু হয়। একনাগাড়ে এক সপ্তাহ টিলা কাটার পর দু-তিন দিন বন্ধ ছিল। ৫ নভেম্বর রাত থেকে আবার টিলা কাটা শুরু হয়। দ্রুত টিলা কাটতে ৫ নভেম্বর থেকে ‘টিলা কাটলে মাটি ফ্রি’—এমন প্রচারণা চালাচ্ছে মালিকপক্ষ। গত প্রায় এক সপ্তাহে প্রতি রাতে ২০ থেকে ২৫ ট্রাক মাটি কাটা হয়েছে।
সরেজমিনে টিলা এলাকায় দিনের বেলায় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে টিলা কাটলে বিনা মূল্যে মাটি পাওয়া যায়—এ বিষয়টি স্থানীয় একাধিক বাসিন্দা ও মাটি পরিবহনে ব্যবহৃত কয়েকটি ট্রাকের চালকেরা নিশ্চিত করেন।
এদিকে টিলার মাটি ব্যবহৃত হচ্ছে—এমন তিনটি স্থানে মাটির ক্রেতা সেজে যোগাযোগ করলে স্থানীয় একজন ট্রাকচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। চিকনাগুল এলাকার বাসিন্দা ওই ট্রাকচালক বিনা মূল্যে মাটি নেওয়ার জন্য রাত ১২টার পর যোগাযোগ করতে বলেন। মুঠোফোনে যোগাযোগ করে শুধু ট্রাক ভাড়া দিলেই টিলার মাটি পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। তাঁর কাছে টিলার মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করার আগ্রহের কথা জানালে এ বিষয়ে তিনি আর কথা বলতে রাজি হননি।
তবে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, টিলার মালিক পাঁচজন। এর মধ্যে সিলেট সদরের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা একজন, বাকিরা কানাইঘাট উপজেলার।
এরই মধ্যে কানাইঘাটের বীরদল গ্রামের মুহিবুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে টিলার একাংশের মালিক বলে দাবি করেন। তবে টিলা কারা কাটছে—এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। অন্য মালিকেরা তাঁদের অংশ কাটতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শুষ্ক মৌসুমে টিলা কাটলে বিনা মূল্যে মাটি পাওয়া যায়—এমন কৌশল অবলম্বন করা হয় দ্রুত টিলা কাটার জন্য। মালিকেরা টিলা কেটে সমান্তরাল করে জমি দ্বিগুণ দামে বিক্রি করতে চাইছেন। এ জন্য রাত ১২টা থেকে ভোররাত পাঁচটা পর্যন্ত টিলা কাটা হচ্ছে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শক দল টিলা কাটার সত্যতা পেয়েছেন।
সহকারী পরিচালক আরও বলেন, পাহাড়-টিলা কাটা পরিবেশ আইন পরিপন্থী। এ ছাড়া প্রাকৃতিক কারণে সিলেট অঞ্চলের সাতটি উপজেলায় পাহাড়-টিলা কাটতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ জন্য ঠাকুরেরমাটির ওই টিলার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।