টিলা কেটে জমি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিলা কেটে আনা মাটি ট্রাক থেকে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নির্ধারিত নিচু জমিতে ফেলা হচ্ছে। ইনসেটে উপজেলার আমতৈল গ্রামের একটি টিলা থেকে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
টিলা কেটে আনা মাটি ট্রাক থেকে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নির্ধারিত নিচু জমিতে ফেলা হচ্ছে। ইনসেটে উপজেলার আমতৈল গ্রামের একটি টিলা থেকে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের নিচু জমি টিলার মাটি কেটে এনে ভরাট করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে স্থানীয় কয়েক ব্যক্তি শ্রমিক দিয়ে এই কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা-৬-এর খ উপধারায় উল্লেখ করা হয়েছে, পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন বা দখলাধীন হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কাটতে পারবে না।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার এস আলী অ্যান্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ পায়। ২০১৪ সালের জুলাই মাস থেকে এর কাজ শুরু হয়।
সরেজমিনে গত সোমবার বেলা একটার দিকে দেখা গেছে, জুড়ী-বড়লেখা সড়কের বাছিরপুর এলাকায় নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের নিচু জমি টিলার মাটি দিয়ে কয়েকজন শ্রমিক ভরাট করছেন। সেখানে মাটিবোঝাই দুটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক জানান, পাশের আমতৈল ও বড়লেখা উপজেলার আথলিঘাট গ্রামের দুটি টিলা কেটে এসব মাটি আনা হচ্ছে। স্থানীয় কিছু ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজের ঠিকাদারের কাছ থেকে মাটি, ইট ও বালু সরবরাহসহ আরও কিছু কাজের উপঠিকাদারি নিয়েছেন। তাঁরই টিলা কেটে মাটি ট্রাকে বোঝাই করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে নিয়ে যাচ্ছেন।
শ্রমিকদের দেওয়া তথ্যের সূত্র ধরে আমতৈল গ্রামের খলিলুর রহমানের বাড়িতে গিয়ে চার-পাঁচজন শ্রমিককে টিলা কেটে ট্রাকে মাটি বোঝাই করতে দেখা যায়। বাড়িতে খোঁজ করে খলিলুরকে মেলেনি। পরিবারের নারী সদস্যরা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
নির্মাণকাজ দেখাশোনার দায়িত্বে থাকা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এস আলী অ্যান্ড সন্সের ব্যবস্থাপক তাহের মিয়া বললেন, ‘স্থানীয় কিছু লোক মাটি ফেলার কাজ নিয়েছেন। এখন তাঁরা কোথা থেকে মাটি আনছেন, তা বলতে পারছি না।’ এ ব্যাপারে তিনি আমতৈল গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
আওয়ামী লীগ নেতা আকমল হোসেন বলেন, ‘এলাকার কিছু যুবক মিলে হাসপাতালে মাটি সরবরাহ করছে। টিলা কাটার বিষয়ে আমি কিছু জানি না।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খান গতকাল (সোমবার) বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাকে লিখিতভাবে জানান। তারপর খোঁজ নিয়ে দেখব।’
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আবুল মনসুর মোল্লা মুঠোফোনে বলেন, জনবলসংকটের কারণে তাঁদের পক্ষে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না। স্থানীয় প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।