টিলা কেটে পাথর উত্তোলন, ২ জনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ছাতক উপজেলায় টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো. আওলাদ আলীকে (৪৫) এক মাস এবং একই ইউনিয়নের পাণ্ডব গ্রামের রাসেল মিয়াকে (২২) দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান এই সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাতকের ইসলামপুর ইউনিয়নে বন বিভাগের মালিকানাধীন হাদাটিলার মাটি কেটে দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই টিলায় অভিযান চালান। অভিযানকালে আওলাদ আলী ও রাসেল মিয়াকে আটক করে তাঁদের সাজা দেওয়া হয়। এ সময় পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি পাম্প ও আরও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ছাতক উপজেলা বন কর্মকর্তা মো. সালাউদ্দিন ও ছাতক থানার পুলিশ।

হাফিজুর রহমান বলেন, এলাকাটি খুবই দুর্গম। সেখানে দীর্ঘদিন থেকে কিছু লোক টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। আজ সেখানে অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে এবং দুই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জে একটি টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচ শ্রমিক নিহত হন। এর দুই সপ্তাহ পার হতেই গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে একই ধরনের ঘটনা ঘটে। সেখানে নিহত হন তিনজন।