টিলা কেটে সড়কের মাটি ভরাট

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন একটি সড়কে মাটি ভরাটের জন্য টিলা কাটছে ঠিকাদারির কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। কাটতে থাকা টিলাটির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট। টিলা কাটার আগে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের কোনো অনুমতি নেয়নি। এ ব্যাপারে সওজের কর্মকর্তারাও কিছু জানেন না বলে দাবি করেছেন।
গত ৩১ আগস্ট সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের দুল্যাতলী ইউনিয়নের মগাছড়ায় একটি বেইলি সেতুর জন্য বিকল্প সড়ক তৈরির কাজ চলছে। এ জন্য ওই সড়কের পাশেই প্রায় পাঁচ শ মিটার লম্বা টিলা কাটা হচ্ছে। টিলাটির গড় উচ্চতা ১৫ থেকে ২০ ফুট। ইতিমধ্যে টিলার এক চতুর্থাংশ খননযন্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।
খননযন্ত্রের চালক মো. আনোয়ার হোসেন বলেন, মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান লক্ষ্মীছড়ির মগাছড়ার বেইলি সেতুর কাজ পেয়েছে। এ জন্য সেতুর পাশে বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে। সেখানে মাটির প্রয়োজন হচ্ছে বলেই ঠিকাদারের নির্দেশে টিলার মাটি কাটা হচ্ছে।
এ বিষয়ে মেসার্স জাকির এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সওজ বিভাগের তত্ত্বাবধানে বেইলি সেতুর জন্য বিকল্প সড়ক নির্মাণে টিলার মাটি ব্যবহার করা হচ্ছে। চুক্তির মাধ্যমে আমরা টিলার মাটি কিনে নিয়েছি। কিন্তু টিলা কাটার বিষয়ে উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে।’
জানতে চাইলে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। টিলা কাটার বিষয়ে কেউ তাঁর মতামত নেয়নি বা তাঁকে জানায়নি।
সওজের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরীকে এ বিষয়ে প্রশ্ন করলে মুঠোফোনে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিকল্প সড়ক তৈরি করার জন্য মাটি কোথা থেকে আনা হবে, সেটা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়। টিলা কাটার বিষয়ে সওজের কোনো দায়-দায়িত্ব নেই।
পরিবেশ আইন অমান্য করে প্রকাশ্যে টিলা কাটার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলা নেটওয়ার্কের সদস্য আবু দাউদ বলেন, অপরিকল্পিতভাবে পাহাড় ও টিলা কাটার কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসে সম্প্রতি ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশ্যে পাহাড় বা টিলা কাটছে। এ ক্ষেত্রে সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে।
এ বিষয়ে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ ইকবাল বলেন, টিলা কাটার জন্য প্রশাসন থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে পাহাড় ও টিলা কাটার কোনো সুযোগ নেই। যাঁরা পাহাড় কাটছেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত জুন মাসে পাহাড়ধসে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তিনজনের মৃত্যু হয়।