টিলা ধসে শ্রমিক হতাহতের ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে শ্রমিক হতাহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে কোম্পানীগঞ্জে থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। 

মামলায় টিলা কেটে পাথর উত্তোলনে শ্রমিক নিযুক্তকারী চারজনকে আসামি করা হয়েছে। এঁরা হচ্ছেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনজু মিয়া, তাঁর ভাই আয়ূব আলী, পাথর ব্যবসায়ী সোহরাব আলী ও শ্রমিক সরদার জাহাঙ্গীর মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে যে কাজ করলে মৃত্যু হতে পারে, এমনটি জেনেও শ্রমিক নিযুক্ত করে কাজ করানোর অভিযোগ করা হয়েছে। ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার ভোরে শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের দাবি, গর্ত ধসে ছয়জন মারা গেছে। তবে পুলিশ দুজনের পরিচয় পেয়েছে। এ ছাড়া বাকিদের লাশ খুঁজে বের করতে তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনার পর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত মঙ্গলবার তদন্ত কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ বুধবার থানায় মামলা হয়।
শাহ আরেফিন টিলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশি পাহারা বসানো হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুটি বোমা মেশিন (অবৈধ পাথর উত্তোলন যন্ত্র), ছয়টি শ্যালো মেশিন জব্দ করে পোড়ানো হয়েছে।
জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকদের নিযুক্ত করার বিষয়ে ধারাবাহিক সচেতনতা সৃষ্টির একটি কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বিকেলে ১৫০ জন শ্রমিককে নিয়ে সচেতনতামূলক সভা করা হয়।