টিলায় ঘর বানিয়ে পাথর উত্তোলন, জরিমানা
নিচ থেকে তাকালে টিলার চূড়ায় শুধু ঘরবাড়ি আর গাছপালা দেখা যায়। টিলার চূড়ায় উঠলে দেখা যায় ঘরের ঘেরাটোপে চলছে অবৈধভাবে পাথর উত্তোলন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডাউকেরকূল গ্রামের টিলার চূড়ায় উঠে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন পাঁচ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে।
অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টিলার চূড়ায় বসবাসকারী ময়না মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে কানাইঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্যের নেতৃত্বে এ অভিযানে উদ্ঘাটন হয় টিলার চূড়ায় ঘরের ঘেরাটোপে পাথর উত্তোলন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া নদী এলাকায় রয়েছে একটি পাথর কোয়ারি। এটি ছাড়া আর কোথাও পাথর উত্তোলন বৈধ নয়। বর্ষায় কোয়ারিতে পানি থাকায় মজুত রাখার নামে বিভিন্ন বসতবাড়ির আঙিনায় পাথর রাখা হয়। এবার বর্ষাকালে টিলার চূড়ায় বসবাসকারীদের মধ্যে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগ থাকায় গতকাল সরেজমিনে ডাউকেরগুল গ্রামের ওই টিলায় গিয়ে বসতঘরের আড়ালে পাথর উত্তোলনের বড় বড় গর্ত এবং পাশেই উত্তোলিত পাথর মজুত অবস্থায় পাওয়া গেছে।
গতকাল ডাউকেরগুল টিলায় অভিযানে নেতৃত্ব দেওয়া কানাইঘাটের সহকারী কমিশনার সুমন আচার্য প্রথম আলোকে জানান, বসতবাড়ির আঙিনায় যে রকম গর্ত করা হয়েছে, তাতে বাসিন্দাদের ওপরই সবার আগে টিলা ধসে পড়ার ঝুঁকি রয়েছে। এ আশঙ্কায় টিলার নিচে বাসিন্দারা শঙ্কিত থাকলেও পাথর উত্তোলনকারীদের এ নিয়ে কোনো উদ্বেগ দেখা যায়নি। এ কারণে উত্তোলিত পাঁচ হাজার ঘনফুট পাথর অবৈধ হিসেবে জব্দ করে টিলার চূড়ার বাসিন্দাদের জরিমানা করা হয়।