টিসিবির পণ্য তোলা, বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ
নীলফামারী জেলায় টিসিবির ২৫ পরিবেশকের মধ্যে বেশির ভাগই পণ্য তোলা ও বিক্রির নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে। এতে জেলায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অনেক পরিবেশকের বিরুদ্ধে পণ্য তুলে কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে। এদিকে লাভজনক না হওয়ায় পণ্য তোলায় আগ্রহ হারিয়ে ফেলছেন বলে জানিয়েছন ডিলাররা।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রমতে, জেলার ৬ উপজেলায় টিসিবির ২৫ জন পরিবেশক রয়েছেন। তাঁদের মধ্যে নীলফামারী সদরে ৭, জলঢাকায় ২, ডিমলায় ৩, কিশোরগঞ্জে ৭, ডোমারে ৪ এবং সৈয়দপুর উপজেলায় ২ জন।
পবিত্র রমজান মাস শুরুর এক দিন আগে থেকে ৪ জুন পর্যন্ত জেলা সদরের ওয়াপদা সড়কের মেসার্স অভি এন্টারপ্রাইজ এবং পুরাতন স্টেশন সড়কের মেসার্স আবদুল মান্নান নামের দুই প্রতিষ্ঠানকে শহরের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি করতে (ট্রাক সেল) দেখা গেছে। এ ছাড়া অন্য পরিবেশকেরা পণ্য উত্তোলন করলেও তাঁদের বিক্রয় কার্যক্রম চোখে পড়েনি। তবে ছয় দিন ধরে ওই দুই পরিবেশকের ট্রাক সেলের পণ্য বিক্রিও বন্ধ। একই সময়ে জেলার ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় টিসিবির পরিবেশকদের কোনো কার্যক্রম সেভাবেচোখে না পড়ার অভিযোগ করেছেন ওইসব এলাকার বাসিন্দারা।
জেলা শহরের ব্যবসায়ী কামরুজ্জামান (৪৮) বলেন, ‘রমজানের এক দিন আগে শহরের ওয়াপদা মোড়ে টিসিবির পণ্য বিক্রি করতে দেখি। সেদিন সেখান থেকে তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও সোয়াবিন তেল কিনি। তারপর আরও দুই-চার দিন দুটি ট্রাকে টিসিবির মালামাল বিক্রি করতে দেখি। প্রায় চার দিন আগে আবারও পণ্য কিনতে টিসিবির ট্রাক খুঁজেও আর তাদের পাইনি। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে পণ্য সংগ্রহ করেছি।’ তিনি আরও বলেন, টিসিবির ট্রাক থেকে ৫৫ টাকা কেজিতে চিনি, ৭০ টাকা কেজি দরে ছোলা কিনেছিলেন। বাজার থেকে সেই চিনিই ৭০ আর ছোলা ৮৪ টাকা কেজি দরে কিনেছেন।
শহরের সাদ্দাম হোসেন (৩০) বলেন, ‘রোজার প্রথম সপ্তাহে ট্রাকে করে টিসিবির মালামাল বেচতে দেখেছি। দোকান খুঁজেও পাইনি। এখন আর কোথাও ট্রাকও পাচ্ছি না।’
জেলা শহরে টিসিবির ডিলার অভি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সত্যেন্দ্র নাথ রায় বলেন, ‘আমার জানামতে এবারের রমজানে বরাদ্দ পাওয়া টিসিবির মালামাল কম-বেশি সব ডিলারই তুলেছেন। যাঁরা ট্রাকে করে বিভিন্ন স্থানে পণ্য বিক্রি করেন, তাঁদের পণ্য বিক্রির মাস্টাররোল প্রয়োজন হয় না। কিন্তু যাঁরা দোকানে বসে বিক্রি করেন, তাঁদের মাস্টাররোল জমা দিতে হয়। নিয়ম আছে, বরাদ্দের মালামাল উত্তোলন না করলে এবং তিন বছর অন্তর নবায়ণ না করলে নিবন্ধন বাতিল হয়।’ তিনি আরও বলেন, ‘এখন ডিপো থেকে যে পরিমাণ মালামাল সরবরাহ দিচ্ছে, তা তুললে আমাদের পরিবহন খরচও উঠবে না। এ কারণে আমরা প্রায় পাঁচ দিন ধরে মালামাল তুলছি না।’
জেলা শহরের থানাপাড়ায় টিসিবির পরিবেশক মেক্সিম ট্রেডার্সের মালিক শাহিদ মাহমুদ বলেন, ‘এবারের রমজানে আমি একবার পণ্য তুলে বিক্রি করেছি। টিসিবি থেকে যথাযথ পরিমাণে মালামাল সরবরাহ না করা, সরবরাহ করা অনেক পণ্যের দাম বাজারে আরও কম দামে পাওয়া এবং পণ্য তুলতে হয়রানির কারণে অনেক ডিলার পণ্য তোলার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এসব কারণে আমি নিজেই আমার ডিলারশিপ বাতিলের আবেদন করব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব বলেন, ‘টিসিবির মনিটরিং জেলা প্রশাসনের করার কথা। কিন্তু ওই মনিটরিংয়ের জন্য যে তথ্যের প্রযোজন, সেটির অভাব রয়েছে। এ ছাড়া কোনো ডিলার কখন পণ্য তুলছেন, সেটিও আমাদের জানানো হয় না।’ তিনি আরও বলেন, ‘তথ্য না থাকায় অনেক ডিলার মালামাল তুলে কালোবাজারে বিক্রি করছেন। মনিটরিংয়ের সময় কালোবাজারে মালামাল বিক্রির তথ্য প্রমাণিত হওয়ায় জেলার ডোমার উপজেলার সাবেত ট্রেডার্স এবং মিথুন রায় নামে দুজনের ডিলারশিপ বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।’
রংপুর টিসিবি কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মেশকাতুল আলম গত শুক্রবার মুঠোফোনে বলেন, জেলা এবং উপজেলা প্রশাসন টিসিবির মালামাল বিক্রির বিষয়টি তদারকি করছে। প্রতিটি পরিবেশকের বরাদ্দের পরিমাণ চিঠি দিয়ে জেলা এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ছাড়া সব তথ্য টিসিবির ওয়েবসাইডে দেওয়া আছে। পণ্য তোলার পর কালোবাজারে মালামাল বিক্রির তথ্য প্রমাণিত হলে জামানতসহ ডিলারশিপ বাতিল করা হবে। তিনি বলেন, যেসব পরিবেশক এখনো তাঁদের বরাদ্দের মালামাল তোলেননি, তাঁরা আগামী ১৮ জুন পর্যন্তÍতা তুলতে পারবেন।