টাঙ্গাইল জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
মামলায় নামোল্লেখ ছাড়া অজ্ঞাত আরও এক-দেড় শ জনকে আসামি করা হয়েছে। নামোল্লেখ করা ২৬ জনের সবাই বর্তমান কমিটির পক্ষের। তাঁদের মধ্যে টুকুর ভাই ও জেলা বিএনপির সভাপতি শামছুল আলম এবং সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালও রয়েছেন। মামলায় পদবঞ্চিত কাউকে আসামি করা হয়নি। জেলা বিএনপির বর্তমান কমিটি ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে রোববার ওই সংঘর্ষ ঘটে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ওই ঘটনায় রোববার গ্রেপ্তার হওয়া বিএনপির আট কর্মীকে গতকাল টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
টাঙ্গাইল সদর থানার এসআই আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, সুলতান সালাউদ্দিনের নির্দেশে তাঁর ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে রোববার সকাল ১০টার দিকে ১০০-১৫০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে নিজেদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়াসহ ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
মামলাটির অন্য আসামিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি সাদেকুল আলম ও আতাউর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার আনিসুর রহমান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, সহসভাপতি আবেদ হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাশেদ খান, যুবদলের কর্মী তানভির হোসেন, আমিনুল ইসলাম, মানিক মিয়া ও মো. রুবেল এবং বিএনপির কর্মী রজব মিয়া, মনিরুজ্জামান তুষার, সিরাজুল ইসলাম, সিফাত মিয়া, শহিদুল ইসলাম, আবুল হোসেন, ইকবাল হোসেন ও আমির হামজা সিকদার। তাঁদের মধ্যে শেষ আটজন রোববার গ্রেপ্তার হন।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শামছুল আলম বলেন, ‘সরকারি দলের সাথে আঁতাত করে পদবঞ্চিতরা জেলা বিএনপির কর্মী সংগ্রহ কর্মসূচিতে প্রশাসনের সহায়তায় হামলা করেছিলেন।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার জন্য সরকারি দল ও প্রশাসন দলের পদবঞ্চিত একটি অংশকে ব্যবহার করে ওই হামলা ও মামলা সাজিয়েছে।
পদবঞ্চিত অংশের নেতা এবং কমিটি থেকে পদত্যাগী সহসভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই তাঁরা রোববার সদস্য সংগ্রহ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জানাতে যাচ্ছিলেন। এ সময় বর্তমান কমিটির নেতৃত্বে হামলা হয়। ওই পক্ষ যেহেতু হামলা-ভাঙচুর করেছে, মামলা তাঁদের বিরুদ্ধে হবে—এটাই স্বাভাবিক।
জানতে চাইলে মামলাটির বাদী এসআই আল মামুন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।