টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন ও সাবেক চেয়ারম্যান সাজিদুর রহমানের ওরফে মন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গতকাল সকালে খালিদ হোসেনের সমর্থকেরা সাজিদুর রহমানের বাড়ির কাছের সড়কের ইট তুলে ফেলেছে—এই অভিযোগে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা ১০টার দিকে উভয় পক্ষের লোকজন রামদা, সড়কি, ঢাল, কাতরাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে স্বপ্না বেগম (৩০) নামের এক গৃহবধূকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে মারা যান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ২২ জনকে আটক করা হয়।