টুঙ্গিপাড়ায় তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত বুধবার রাতে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা জানান, দুর্বৃত্তরা উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাইবাজার এলাকায় সার্বজনীন হরি, রাধা ও দুর্গামন্দিরের ফটকের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে সেখানে থাকা ১২টি প্রতিমা ভাঙচুর করে। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
এলাকাবাসী জানিয়েছে, ওই এলাকায় একটি খাসজমির দখল নিয়ে পাশের বাঁশবাড়িয়া গ্রামের দুই ব্যক্তির সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কিছু লোকের দ্বন্দ্ব চলছে। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদরের ঘুনারগাতি গ্রামের সোহেল শেখ (৩০), ডুমুরিয়ার সবুর শেখ (৩২) ও পাকুরদিয়া গ্রামের তোরাব তালুকদার।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন গতকাল বিক্ষোভ মিছিল বের করেন।