টুঙ্গিপাড়ায় সাধু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত শুক্রবার ছুরিকাঘাতে আহত পরমানন্দ রায় (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল রোববার তাঁকে গ্রামের বাড়ি দক্ষিণ বাসুরিয়ায় সমাহিত করা হয়।
পরমানন্দের পরিবার ও স্থানীয় ব্যক্তিরা জানান, এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গীতা, ভগবতপাঠ ও ধর্ম আলোচনা করতেন পরমানন্দ। এলাকায় তিনি সাধু হিসেবেই পরিচিত ছিলেন।
এ ঘটনায় গতকাল তিনজনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ছেলে প্রফুল্ল রায়। পুলিশ এজাহারভুক্ত এক আসামি শরিফুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া শরিফুল এ হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান।
নিহত পরমানন্দ রায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ বাসুরিয়ার মৃত মহেন্দ্রনাথ রায়ের ছেলে। নিহত ব্যক্তির স্ত্রী, সাত ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, পরমানন্দ রায় শুক্রবার বিকেলে পাশের গ্রাম গিমাডাঙ্গা হাটে যান। হাট করে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গিমাডাঙ্গা দক্ষিণপাড়া মল্লিকের সেতুর কাছে পৌঁছার পর গ্রামের বাসিন্দা (গিমাডাঙ্গা দক্ষিণপাড়া) শরিফুল শেখ একটি ছুরি নিয়ে পরমানন্দ রায়কে আঘাত করতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ‘এ দেশে চাঁড়াল রাখব না’ বলেই অতর্কিতে পরমানন্দকে আঘাত করতে শুরু করেন। পরমানন্দ রায়ের ডান হাত ও পেটে ছুরি মারার পর তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর পিঠে ছুরিটি ঢুকিয়ে দিয়ে শরিফুল পালিয়ে যান।
পরমানন্দ রায়ের নাতি মুকেশ রায় প্রথম আলোকে বলেন, এলাকাবাসী তাঁর দাদুকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শরিফুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।