টুডু সরেন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলোচিত আদিবাসী টুডু সরেন হত্যা মামলার প্রধান আসামি আবদুল গোফ্ফারকে (৪৫) দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুর রহীম জানান, গত মঙ্গলবার রাত নয়টায় এসআই বজলুর রশীদের নেতৃত্বে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউসুফ মার্কেট থেকে গোফ্ফারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামে।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ আগস্ট টুডু সরেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ ঘটনায় টুডু সরেনের ছেলে রবি সরেন আবদুল গোফ্ফার, তাঁর বড় ভাই আজাহার আলী, ছোট ভাই দেলওয়ার হোসেন, আবদুল হালিমসহ পরিবারের আট সদস্য এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।