টুরিস্ট পুলিশের ফেসবুক হ্যাকড্, কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাক করার অপরাধে রাব্বি ইসলাম (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর পুরাতন পাড়ার আনিসুর রহমানের ছেলে রাব্বি ইসলাম বুধবার সকাল ৮টা ২৭ মিনিটে বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাক করে। পুলিশের তথ্য প্রযুক্তি বিভাগের সদস্যরা ঘটনাটি জানার পর বিষয়টি নাটোর জেলা পুলিশকে জানায়। পুলিশ সুপার শ্যামল মুখার্জীর নির্দেশে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তরিকুর রহমান গোয়েন্দা পুলিশকে নিয়ে আজ বিকেলে রাব্বিকে গ্রেপ্তার করে।

তরিকুর রহমান বলেন, ‘রাব্বির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। সে টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করার পাশাপাশি পুলিশকে হুমকি দিয়েছে।’