টেংরাগিরির পাঁচটি খালে বিষ দিয়ে মাছ শিকার
বরগুনার তালতলী উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন টেংরাগিরি (ফাতরার বন) বনের ভেতর দিয়ে প্রবাহিত পাঁচটি খালে বিষ প্রয়োগ করে অসাধু জেলেরা মাছ শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষক্রিয়ায় বন্য ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদেরা।
বনসংলগ্ন এলাকার জেলেদের একটি সূত্র জানায়, বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বনের নিদ্রা, সকিনা ও নিশানবাড়িয়া সংরক্ষিত বনের মধ্য দিয়ে কেন্দুয়া, ফেচুয়া, নিশানবাড়িয়া, কচিখালী ও নিদ্রা খাল প্রবাহিত।
চার থেকে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এসব খাল বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে খালগুলো ভরে উঠলে এসব এলাকার একশ্রেণির জেলে খালের দুই প্রান্তে জাল দিয়ে ফাঁদ পাতেন। পরে ওই ফাঁদের মধ্যে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন।
স্থানীয় জেলেদের অভিযোগ, জেলে জসীম ফরাজী, হাসান, নিজাম ফরাজী, নুর সাইদ, আলালসহ ২০-২৫ জনের মৎস্যশিকারি দল জোয়ারের সময় খালগুলোর দুই প্রান্তে জালের ফাঁদ পেতে পানিতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ শিকারে জড়িত।
ফোরাডান, রোটেনান, রিপকট নামের বিষ প্রয়োগে মারা হচ্ছে মাছ। এতে খালগুলোর পানি বিষাক্ত হচ্ছে এবং এর বিষক্রিয়ায় খালের সাপ, ব্যাঙ, কাঁকড়াসহ অণুজীব দেদার মারা পড়ছে।
একই সঙ্গে বনের শূকর, বানরসহ অন্যান্য বন্য প্রাণী এসব খালের বিষমিশ্রিত পানি পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর প্রজনন এ কারণে মারাত্মক হুমকির মুখে পড়ছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এই বনে রয়েছে সারি সারি গেওয়া, জাম, ধুন্দুল, কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, বলই কেওয়া, তাল, বনকাঁঠাল, রেইনট্রি, হেতাল, তাম্বুলকাটা, গরানগাছের সমারোহ। এখানে বসত গড়েছে কাঠবিড়ালি, বানর, প্রায় ৪০ প্রজাতির সাপ, শজারু, শূকর, উদ, কচ্ছপ, শিয়াল, ডোরাকাটা বাঘ, বনমোরগ, মধু কাঁকড়া—এ রকম বিভিন্ন প্রজাতির প্রাণী।
বরগুনার তালতলী থেকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পর্যন্ত চোখজুড়ানো এই বনের আয়তন ১৩ হাজার ৬৪৪ একর। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা টেংরাগিরি অতীতে সুন্দরবনের অংশ ছিল।
নিদ্রা-সকিনা বনাঞ্চলের বিট কর্মকর্তা সজীব কুমার বলেন, ‘বনাঞ্চলের খালে মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছি এবং বন বিভাগের কঠোর নজরদারি রয়েছে।’
বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইউনুস আলী বলেন, বিষ প্রয়োগে শিকার করা এসব মাছ বাজারে বিক্রি হওয়ায় ক্রেতারা তা না জেনেই কিনছেন। এসব বিষযুক্ত মাছ খেয়ে অনেকেই পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন এ মাছ খেলে মানবদেহে ক্যানসারের ঝুঁকিও রয়েছে।