টেকনাফ ও চকরিয়ায় ৫৪ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া থেকে প্রায় সাড়ে ৫৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ধরা পড়ে। বড়ি জব্দের ঘটনায় চকরিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নতুন ট্রানজিট ঘাট থেকে ৪০ হাজার এবং চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা ১৪ হাজার ২৩৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল জোরদার করা হয়। গতকাল ভোররাত তিনটার দিকে পৌরসভার চৌধুরীপাড়ার নতুন ট্রানজিট ঘাটের বেড়িবাঁধ এলাকায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পেয়ে দূর থেকে বিজিবি তাদের থামতে সংকেত দেয়। এ সময় তারা একটি পলিথিন ব্যাগ ফেলে পাশের কেওড়া বাগানে পালিয়ে যায়। ওই ব্যাগে ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
এদিকে চকরিয়া থানার টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) আবুল কালাম প্রথম আলোকে জানান, চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল দুপুরে ১৪ হাজার ২৩৫টি ইয়াবা বড়িসহ শামশুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, শামশুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।