টেকনাফ ও মাটিরাঙায় দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির মাটিরাঙায় দুই গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

টেকনাফে নিহত রোহিঙ্গা নারী রোজিনা আক্তার (২৮) হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা। তিনি মালয়েশিয়াপ্রবাসী রশিদ উল্লাহর স্ত্রী। রোজিনা আক্তার তিন সন্তানের জননী।

নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে এইচ ব্লক ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সালাম প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা রশিদ উল্লাহ মালয়েশিয়ায় যাওয়ার পর থেকে তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিলেন শিবিরের আরেক বাসিন্দা আবুল হাশিম। তিনি রশিদ উল্লাহর বন্ধু। হাশিমের স্ত্রী সন্দেহ করে আসছিলেন, তাঁর স্বামীর সঙ্গে রোজিনার সম্পর্ক তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সালিসও হয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বুধবার রাতে রোজিনার সঙ্গে হাশিমের পরিবারের সদস্যদের ঝগড়া হয়। এর জের ধরে হাশিমের ছোট ভাই মোহাম্মদ ইয়াছিন গতকাল বৃহস্পতিবার সকালে রোজিনার ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর রোজিনাকে উদ্ধার করে শরণার্থীশিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, রোজিনার বুকে ছুরিকাঘাতের দুটি চিহ্ন আছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সহকারী সচিব ও নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, হাশিমের সঙ্গে সম্পর্কের জের ধরে ওই গৃহবধূ খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক। তাই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়নের চৌদ্দগ্রামপাড়ায় গত বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাবেয়া বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। রাবেয়ার স্বামী মো. শাহজাহান সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রাবেয়া। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। তা ছাড়া, পেরেক দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করা হয়। গৃহবধূকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাবেয়ার বাবা মো. আইয়ুব আলী বলেন, জায়গাজমি নিয়ে শাহজাহানের বড় ভাই মো. আবদুল মতিনের সঙ্গে তাঁর মেয়ের বিরোধ চলে আসছে। তাঁর দাবি, বিরোধের জের ধরে বহিরাগত লোকজন দিয়ে গভীর রাতে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।

মাটিরাঙা থানার ওসি মো. সাহাদাত হোসেন টিটো বলেন, পরিকল্পিতভাবে রাবেয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, রাবেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।