টেকনাফ-কক্সবাজার সড়কে ১৫ যানবাহনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-কক্সবাজার সড়কে নারকেলগাছের গুঁড়ি ফেলে বিভিন্ন ধরনের ১৫টি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এতে পর্যটকসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বাস ও ট্রাক চালক-শ্রমিকেরা সড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

আজ শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে টেকনাফের হোয়াইাক্যং ইউনিয়নের মিনাবাজার ও ঝিমংখালীর মাঝামাঝি একটি কালভার্ট-সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, টেকনাফ-কক্সবাজার সড়কের ঝিমংখালী-মিনাবাজার কালভার্ট-সংলগ্ন সড়কে নারকেলগাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি মুখোশধারী ডাকাত দল। এ সময় তাদের হাতে থাকা ভারী অস্ত্র ও লম্বা কিরিচ নিয়ে পর্যটকবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ ১৫টি যানবাহন আটকে রেখে এক ঘণ্টাব্যাপী যাত্রীদের কাছে থাকা টাকাপয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের মারধরে আলী হোসেন, কবির আহমদ, খোরশেদ আলম, নুরুল কবির, ফাতেমা বেগম, হামিদা বেগম নামে ছয়জন যাত্রী আহত হয়েছেন। পরে ডাকাত দল পালিয়ে গেলে এ ঘটনার প্রতিবাদে বাস ও ট্রাক চালক-শ্রমিকেরা সড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পর্যটকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাত দলের সদস্যদের আটক করার আশ্বাস দিলে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। ওই সময় সড়কের উভয় পাশে প্রায় শতাধিক পর্যটকবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়েছিল।
ডাকাতির শিকার ট্রাকচালক নজু মিয়া বলেন, এলাকাটি ডাকাতপ্রবণ হলেও পুলিশের গাফিলতির কারণে এটি হয়েছে। মুখোশধারী ডাকাতরা সড়কের ওপরে নারকেলগাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে মালামাল লুটে নিয়ে যায়। অথচ একটু দূরে স্থানীয় কিছু লোকজন টর্চ লাইট দিয়ে ডাকাতির ঘটনা দেখলেও কেউ কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসেনি। ঘটনার পর এসে বলেন, মাদক সেবনের টাকার জন্য এলাকার কিছু যুবক এ ঘটনা ঘটিয়েছেন।

টেকনাফে বেড়াতে আসা কুমিল্লার কান্দিরপাড়ের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘পরিবারের ছয়জন সদস্যকে নিয়ে বেড়াতে আসি। কিন্তু ডাকাত দল টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতের মারধরে আমার স্ত্রী ফাতেমা বেগম আহত হয়েছে। এভাবে সড়কে ডাকাতির ঘটনা ঘটলে পর্যটক আসা কমে যাবে টেকনাফে।’
হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, সড়কে ডাকাতির ঘটনায় ট্রাক-বাসচালকেরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে তাঁদের বুঝি অবরোধ তুলে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও বলেন, কয়েক দিন ধরে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কয়েকটি স্থানে ডাকাত দল ডাকাতির চেষ্টা চালাচ্ছে। এলাকার কিছু চিহ্নিত লোকজনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।