সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে কক্সবাজারে নিয়ে আসা পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোররাতে তাঁদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, গতকাল ভোররাতে সেন্ট মার্টিনের পূর্বে মেরুল্লারচর থেকে বিজিবি ওই পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির মো. রবিউল ইসলাম (১৮) ও মো. ইসমাইল হোসেন (১৫); ঝিনাইদহ সদরের মো. মঞ্জুর বিশ্বাস (১৭) ও মো. রুবেল সরদার (২৪) এবং জয়পুরহাটের ক্ষেতলালের মো. নুরুল ইসলাম (৩৮)। তাঁদের ব্যাটালিয়ন সদরে চিকিৎসাসেবা দেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, মানব পাচারকারীরা মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় আড়াই মাস আগে তাঁদের কক্সবাজারের উখিয়ার ইনানী নিয়ে আসে। সেখান থেকে রাতে নৌকাযোগে তাঁদের গভীর সাগরে অবস্থানরত জাহাজে তুলে দেওয়া হয়। সপ্তাহ খানেক আগে দালালেরা থাইল্যান্ড সীমান্তে কড়াকড়ির কথা বলে তাঁদের জানায়, এখন সেখানে পাঠানো সম্ভব নয়। পরে জাহাজে থাকা যাত্রীদের স্বজনদের কাছ থেকে দালালেরা মুক্তিপণ হিসেবে ২০ থেকে ৩০ হাজার টাকা করে আদায় করে। কিন্তু তার পরও তাঁদের ছাড়া হচ্ছিল না। একপর্যায়ে তাঁরা পাঁচজন সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে চরে ওঠেন। সেখান থেকে বিজিবি তাঁদের উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।