টেকনাফ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বৃহস্পতিবার ভোরে নাফ নদীর ৩ নম্বর স্লুইস গেট নাজিরপাড়া এলাকা থেকে এসব ইয়াবা বড়ি জব্দ করা হয়।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান টেকনাফে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল জোরদার করা হয়।
গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফের দিকে আসতে দেখে সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে নৌকাটি বেড়িবাঁধের ৩ নম্বর স্লুইস গেটের নাজিরপাড়া এলাকা দিয়ে পালানোর চেষ্টা চালালে ধাওয়া দেয় বিজিবি। এ সময় পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। ওই ব্যাগে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
আবুজার আল জাহিদ জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।