টেকনাফ থেকে ১৩ যাত্রী আটক
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে গতকাল বুধবার গভীর রাতে ১৩ যাত্রীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের দাবি, তাঁরা অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের অভিযোগ, যাত্রীদের সঙ্গে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একজন দালাল। তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ওই যাত্রীদের নিয়ে এসে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সাব লেফটেন্যান্ট মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যাত্রীদের মধ্যে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ার, দুজন বগুড়ার, একজন কক্সবাজারের, একজন চুয়াডাঙ্গার, একজন বান্দরবানের ও একজন চট্টগ্রামের।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।