টেকনাফ থেকে ১৩ যাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়াগামী ১৩ যাত্রীকে উদ্ধার করেছে বিজিবি ও কোস্টগার্ড।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গত রোববার দিবাগত রাত একটার দিকে সেন্ট মার্টিনের পূর্বে মেরুল্লার চর থেকে বিজিবির সদস্যরা অসুস্থ অবস্থায় মালয়েশিয়াগামী ছয় ব্যক্তিকে উদ্ধার করেন। তাঁরা হলেন নরসিংদীর মো. শাহীন মিয়া (২৪) ও মো. জাহিদুল ইসলাম (৩০); পাবনার মো. শহিদুল ইসলাম (২০); জয়পুরহাটের মো. জসিম উদ্দিন (১৯); চট্টগ্রামের মো. ফারুক হোসেন (২৭) ও মো. মুছা (১৯)।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের দায়িত্বে থাকা লে. কমান্ডার শহিদ হোসেন চৌধুরী জানান, গতকাল সোমবার ভোরে সেন্ট মার্টিন দ্বীপের ছেরাদিয়া থেকে মালয়েশিয়াগামী সাত যাত্রীকে উদ্ধার করে কোস্টগার্ড। তাঁরা হলেন জয়পুরহাটের শাহাদাত সরকার (৩৫); ঝিনাইদহের মো. আলাউদ্দিন শেখ (২৮), শেখ মামুন মোল্লা (১৯) ও জসিম মুন্সি (৩৫); সিরাজগঞ্জের মো. ইদ্রিস আলী (২০), ইসমাইল হোসেন (২২) ও ইমরান আলী (২২)।
পুলিশ হেফাজতে থাকা ওই ব্যক্তিরা জানান, আড়াই মাসের বেশি সময় আগে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে দালালেরা তাঁদের কক্সবাজারের মহেশখালী থেকে ছোট ছোট নৌকায় করে গভীর সাগরে অবস্থানরত জাহাজে তুলে দেয়। কিন্তু যাত্রী কম হওয়ায় জাহাজটি মিয়ানমারের জলসীমার কাছাকাছি অবস্থান করছিল। ওই সময় তাঁরা সেখানে ১৩টি বড় জাহাজ দেখেছেন। প্রতিটি জাহাজের যাত্রী ছিল পাঁচ শতাধিক।
ওই ব্যক্তিরা জানান, জাহাজে দালালেরা তাঁদের ওপর নির্যাতন চালাত। নির্যাতন সইতে না পেরে গত রোববার সন্ধ্যার দিকে তাঁরা সাগরে ঝাঁপ দেন। পরে তাঁরা সাঁতরে কূলে গিয়ে ওঠেন। সেখান থেকে তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁরা সাতটি ট্রলারে পাঁচ হাজারের মতো বাংলাদেশি ও রোহিঙ্গাকে দেখেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, উদ্ধার করা ১৩ জনের মধ্যে অনেকে অসুস্থ ছিলেন। তাঁদের চিকিৎসাসেবা দিয়ে গতকাল সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে বিজিবি ও কোস্টগার্ড।